আন্তর্জাতিক ডেস্ক : টানা নয় মাসেরও বেশি সময় সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের উপকূলে ভিড়েছিল মার্কিন বিশাল যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। লক্ষ্য ছিল সেনাসদস্যরা কিছুদিন ছুটি কাটিয়ে নিজেদের একটু রিফ্রেশ করবেন। কিন্তু ডাঙায় পা দিয়েই বাঁধল চরম বিপত্তি। থাইল্যান্ডের আনন্দ-বিনোদনের শহর পাতায়ায় গিয়ে অতিরিক্ত মদ্যপান করে নিজেদের মধ্যেই মারামারিতে জড়িয়ে পড়লেন দুই মার্কিন নাবিক।
স্থানীয় প্রশাসনের মতে, ঘটনাটি খুব বড় কিছু না হলেও থাই পুলিশ ও মার্কিন কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নেয়নি। ডাঙায় ঘুরতে গিয়ে নিয়ম ভাঙায় কড়া শাস্তির মুখে পড়তে হয়েছে তাদের। পাঁচ দিনের ছুটির বাকি পুরো সময়টাই এখন তাদের কাটাতে হবে জাহাজের চার দেয়ালের ভেতর বন্দি হিসেবে।
ইরান যুদ্ধসংক্রান্ত মিশনে টানা ২৮৬ দিন একটানা সাগরে ভেসে থাকার পর এই রণতরি থাইল্যান্ডে নোঙর করেছিল। দীর্ঘ দিন পরিবার থেকে দূরে থাকায় সেনাসদস্যদের অনেকেই মানসিক কষ্টে ভুগছিলেন। তাই সামান্য বিরতির জন্য শহরজুড়ে বেশ আনন্দে মেতে উঠেছিলেন মার্কিন নাবিকরা।
স্থানীয় ব্যবসায়ীরাও ভাবছিলেন নাবিকদের আগমনে শহরের অর্থনীতি বেশ জমজমাট হবে। কিন্তু ঘোরার শুরুতেই নিয়ম ভেঙে নিজেদের ছুটি নষ্ট করলেন এই দুই নাবিক।
সূত্র: ইনডিপেনডেন্ট।
কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৫