আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অযোধ্যার রাম মন্দিরে এক নারীর দেওয়া ৪ কোটি রুপির চেক নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। চেকটি নিয়ে ব্যাংকে গিয়ে মন্দির কর্তৃপক্ষ দেখতে পায় ওই অ্যাকাউন্টে মোটে ৩ রুপি পড়ে আছে। ওই ঘটনায় তীব্র সমালোচনা হচ্ছে ভারতজুড়ে।
চেন্নাইয়ের এক নারী ভক্ত শ্রী রামের জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে এই চেকটি দান করেছিলেন। তবে ট্রাস্ট চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি ফেরত আসে। এ ঘটনায় ব্যাংক ওই নারীকে নোটিশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পর্যাপ্ত অর্থ না থাকা সত্ত্বেও কেন তিনি এত বড় অঙ্কের চেক ইস্যু করেছেন, নোটিশে তার ব্যাখ্যা চাওয়া হবে। ওই নারী অবশ্য রাম মন্দিরে আলাদাভাবে ১০ হাজার রুপিও দান করেছেন।
ভারতের গণমাধ্যম বলছে, ৪ কোটি রুপির অনুদান দেওয়ার আগে ওই নারী ট্রাস্টের কাছে লিখিত নিশ্চয়তা চেয়েছিলেন যে তার দেওয়া অর্থ শুধু মন্দিরের কর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার কাজে ব্যয় করা হবে।
তবে ট্রাস্ট তাকে সেই নিশ্চয়তা দেয়নি। বর্তমানে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে ট্রাস্ট কর্তৃপক্ষ। রাম মন্দির নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য বিপুল পরিমাণ অনুদান আসার মধ্যেই এ ধরনের অস্বাভাবিক ঘটনা সামনে এলো।
বর্তমানে রাম মন্দিরে প্রতি মাসে নগদ অর্থ, অনলাইন লেনদেন ও চেকের মাধ্যমে প্রায় ৩ থেকে ৪ কোটি রুপি অনুদান আসে। এর মধ্যে শুধু চেকের মাধ্যমে মাসে আনুমানিক ১ থেকে ১.৫ কোটি রুপি জমা পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এর আগে গত জুনে রাম মন্দিরে দেওয়া অনুদান নিয়ে চুরি ও অর্থ আত্মসাতের অভিযোগ সামনে আসার দুই মাসেরও বেশি সময় পর নতুন করে এ ঘটনা আলোচনায় এসেছে।
কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:৩৪