বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতারণা মামলায় সালমান খানকে আদালতে তলব কোটি টাকার মৃত্যু ভাতার লোভে সেনাদের বিয়ে, সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বিতর্কিত প্রস্তাবের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের নির্বাচনে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে এর আগেই তার গদি নড়বড়ে হয়ে পড়ে। বিশ্বকাপের মুনাফার অংশ ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির পরিকল্পনা করেছিলেন তিনি। যার লভ্যাংশ পাওয়ার প্রস্তাব ছিল সদস্য দেশগুলোর প্রতিও। তবে ব্যাপক সমালোচনা ও পদত্যাগ দাবির মুখে সেই পরিকল্পনা থেকে সরে আসেন ইনফান্তিনো।

বিতর্কিত পরিকল্পনা ঘিরে সৃষ্টি হওয়া সংকট নিয়ে ফিফা জানায়, এ বিষয়ে করা ভুলের জন্য দুঃখপ্রকাশ করেছে তারা। মরক্কোয় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে উপস্থিত শীর্ষ কর্মকর্তারা সভাপতি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এর মাধ্যমে মূলত অভিশংসন হওয়া থেকে নিজেকে এই যাত্রায় বাঁচিয়ে নিলেন ইনফান্তিনো।

ফিফার বিবৃতিতে বলা হয়, মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রম এবং রাবাতে উপস্থিত ব্যবস্থাপনা বোর্ডের সদস্যরা ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। সেখানে সাম্প্রতিক বিতর্কিত বিষয়সহ যে ভুল হয়েছে তা স্বীকার করা হয়েছে এবং প্রক্রিয়াটি ভিন্নভাবে পরিচালনা করা উচিত ছিল বলে জানানো হয়। ফিফা কাউন্সিল ও সদস্য দেশগুলোর কাছে একটি চিঠি পাঠিয়ে ভুলের জন্য ক্ষমা চাওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়।

গ্রাফস্ট্রমের এই সমর্থন বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এর আগে তিনি সব কর্মীদের পাঠানো এক ই-মেইলে গত সপ্তাহের ঘটনাগুলোকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ বলে বর্ণনা করেছিলেন এবং ইনফান্তিনোর পরিকল্পনা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। ফিফা বলছে, ইনফান্তিনোও তার মহাসচিবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

এছাড়া, বিশ্বকাপের বাণিজ্যিকীকরণ থেকে চূড়ান্তভাবে সরে দাঁড়ানোর বিষয়ে ফিফা স্পষ্ট করে বলছে, এফএফই প্রস্তাবটি এখন ‘সম্পূর্ণভাবে বাতিল’ করা হয়েছে। এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে। ভবিষ্যতে নিজেদের প্রক্রিয়া আরও উন্নত করবে ফিফা।

এদিকে, ইউরোপের শীর্ষ লিগগুলোর সংগঠন ‘ইউরোপিয়ান লিগস’— যার সদস্যদের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ রয়েছে; তারা ফিফার শাসনব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়েছে। তাদের মতে, এফএফই প্রস্তাব ছিল বিপজ্জনক এবং এটি ফিফার পরিচালনা পদ্ধতি, অভ্যন্তরীণ সংস্কৃতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

সংস্থাটি বলছে, এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন ফিফার শাসনব্যবস্থার সংস্কার, যাতে ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণে সব অংশীজনের আনুষ্ঠানিক ভূমিকা থাকে। সংগঠনটি ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনারও বিরোধিতা করেছে এবং বলেছে– ফিফাকে আর একতরফাভাবে ফুটবলের জন্য বিঘ্ন সৃষ্টি করতে দেওয়া যাবে না। সংস্কার না হওয়া পর্যন্ত ফিফার নতুন প্রতিযোগিতা চালু বা সম্প্রসারণের প্রস্তাবও প্রত্যাখ্যান করবে তারা।

কিউএনবি/অনিমা/০৬ অগাস্ট ২০২৬,/সকাল ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit