বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন

৪৮ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি সেন্টকমের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধ কার্যকর রাখতে চলমান সামুদ্রিক অভিযানে ৪৮টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সময়ে হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে যৌথ বিবৃতির খসড়া চূড়ান্তের কথা জানিয়েছে ইরান।

বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম এ তথ্য জানায়।

সেন্টকম বলছে, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক জলসীমায় টহলের সময় মার্কিন বিমানবাহিনীর এফ-১৬ যুদ্ধবিমানে আকাশেই জ্বালানি সরবরাহ করা হচ্ছে। ইরানের বিরুদ্ধে অবরোধ কার্যকর রাখার অভিযান সফলভাবে সম্পন্ন হচ্ছে।

সংস্থাটি আরও দাবি করে, ৫ আগস্ট পর্যন্ত তাদের বাহিনী ৪৮টি বাণিজ্যিক জাহাজকে বিকল্প পথে পাঠিয়েছে। পাশাপাশি দুটি জাহাজ অচল করা হয়েছে এবং আরও দুটি জাহাজে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে।

অন্যদিকে একই দিন ইরান জানায়, হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করতে ওমানের সঙ্গে একটি যৌথ বিবৃতির খসড়া তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে এ প্রক্রিয়ায় কোনো বহিরাগত পক্ষের হস্তক্ষেপ না থাকার শর্তও দেয় তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণেই হরমুজ প্রণালি বন্ধ হয়েছে। তিনি বলেন, মার্কিন নৌ অবরোধ এবং ইরানের বিরুদ্ধে অন্যান্য পদক্ষেপ জলপথটিকে এখনও অনিরাপদ করে রেখেছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বেড়ে যায়। এর জবাবে মার্কিন সামরিক ঘাটি থাকা উপসাগরীয় কয়েকটি দেশকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

পরে এপ্রিল মাসে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। জুনে পাকিস্তানের মধ্যস্থতায় সামরিক সংঘাতের অবসান এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকেও সই করে উভয় পক্ষ।

তবে গত মাসে সেই সমঝোতা ভেঙে যায়। প্রায় দুই সপ্তাহ ধরে উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালায়। পরে নতুন করে আলোচনার উদ্যোগের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোমা হামলা বন্ধের ঘোষণা দেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

কিউএনবি/অনিমা/০৬ অগাস্ট ২০২৬,/সকাল ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit