আন্তর্জাতিক ডেস্ক : এক ঝলক দেখলে সহজেই ভুল হতে পারে। কালো পোশাক, পরিচিত হাসি, আত্মবিশ্বাসী উপস্থিতি, মুখভঙ্গি- সব মিলিয়ে যেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। কিন্তু বাস্তবে তিনি মাস্ক নন। তিনি চীনের কনটেন্ট নির্মাতা মা জিয়ানপিং, যিনি শুধু চেহারার অবিশ্বাস্য মিলের কারণেই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মা জিয়ানপিং জানান, তিনি কখনোই পরিকল্পনা করে ভাইরাল হতে চাননি। তবে ইলন মাস্কের সঙ্গে তাঁর চেহারার মিলই তাঁকে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিত করে তুলেছে।
প্রথমদিকে তিনি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ বিনোদনধর্মী ভিডিও প্রকাশ করতেন। কিন্তু একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর দর্শকদের নজরে আসে তাঁর সঙ্গে ইলন মাস্কের বিস্ময়কর সাদৃশ্য। এরপর থেকেই তাঁর প্রতিটি ভিডিও লাখো মানুষের আগ্রহের কেন্দ্র হয়ে ওঠে।
শুধু চীনের সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, তাঁর ভিডিও দ্রুত বিশ্বের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত মুখে পরিণত হন তিনি।
মা জিয়ানপিংয়ের জনপ্রিয়তার কারণ শুধু মুখের গড়ন নয়। তাঁর চোখের দৃষ্টি, চোয়ালের আকৃতি, হাসির ধরন, ক্যামেরার সামনে দাঁড়ানোর ভঙ্গি— সবকিছুতেই অনেকেই ইলন মাস্কের ছাপ খুঁজে পান। কালো পোশাক পরার অভ্যাসও সেই মিলকে আরও স্পষ্ট করে তোলে। ফলে অনেক দর্শক প্রথম কয়েক মুহূর্তে তাঁকে সত্যিই ইলন মাস্ক বলে ভুল করেন।
তবে শুরু থেকেই একটি বিষয় পরিষ্কার করেছেন মা জিয়ানপিং। তিনি কখনো নিজেকে ইলন মাস্ক হিসেবে পরিচয় দেন না কিংবা কাউকে বিভ্রান্ত করার চেষ্টা করেন না। বরং চেহারার এই মিলকে বিনোদনের অংশ হিসেবেই উপস্থাপন করেন।
এ কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর সততার প্রশংসা করছেন। তাঁদের ভাষ্য, তিনি কাউকে প্রতারণা করছেন না, বরং মানুষকে আনন্দ দিচ্ছেন।
তাঁর ভিডিও ঘিরে নেটদুনিয়ায় নানা রসিকতাও চলছে। কেউ লিখছেন, ‘টেসলার নতুন কারখানা কি তবে চীনে?’ আবার কেউ প্রশ্ন তুলছেন, ‘ইলন মাস্ক কি গোপনে চীনে বসবাস শুরু করেছেন?’কেউ কেউ আবার ধারণা করছেন, এতটা মিল দেখে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও কি না।
সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডি পেরিয়ে মা জিয়ানপিংকে নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অনেক ব্যবহারকারী তাঁর ভিডিও শেয়ার করে ইলন মাস্ককে উল্লেখ করলেও এ বিষয়ে মাস্কের পক্ষ থেকে এখনো কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চেহারার মিলের কারণে পরিচিতি পেলেও শুধু সেই পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান না মা জিয়ানপিং। তিনি নিয়মিত নতুন ভিডিও তৈরি করছেন, সরাসরি সম্প্রচারে অংশ নিচ্ছেন এবং অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
তাঁর আশা, ভবিষ্যতে মানুষ তাঁকে শুধু ‘ইলন মাস্কের মতো দেখতে’ ব্যক্তি হিসেবে নয়, একজন স্বতন্ত্র কনটেন্ট নির্মাতা হিসেবেও চিনবে।
সূত্র : রয়টার্স, সাউথ চীন মর্নিং পোস্ট
কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৬,/সকাল ১০:৫২