ডেস্ক নিউজ : মানবদেহের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি হলো মস্তিষ্ক। এটি মানুষের পরিচয়, চিন্তা, বিবেক, স্মৃতি ও সিদ্ধান্ত গ্রহণের মূল কেন্দ্রবিন্দু। আধুনিক চিকিৎসাবিজ্ঞান বলছে, মস্তিষ্কের কার্যক্ষমতা নির্ভর করে খাদ্যাভ্যাস, ঘুম, শারীরিক সক্রিয়তা ও মানসিক প্রশান্তির ওপর। ইসলামও মানুষকে এমন এক ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থার শিক্ষা দেয়, যা মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
জ্ঞান অর্জন ও অনুভূতির জবাবদিহি : রাসূল (সা.) বলেছেন, ‘জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ’ (ইবনে মাজাহ : ২২৪)। যে কোনো বয়সে নতুন কিছু শেখা মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে। তবে আমাদের মনে রাখা দরকার, চিন্তা ও সিদ্ধান্তের সঠিক ব্যবহারের হিসাবও দিতে হবে। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই কান, চোখ ও অন্তর-এসবের প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে’ (সূরা আল-ইসরা : ৩৬)।
মানসিক প্রশান্তি, ঘুম ও সুষম খাদ্য : অতিরিক্ত মানসিক চাপ মস্তিষ্কের ক্ষতি করে। জিকির, নামাজ ও তিলাওয়াত মানসিক প্রশান্তি জোগায় (সূরা আর-রা’দ : ২৮)। পাশাপাশি, মস্তিষ্কের কোষ পুনর্গঠনে পর্যাপ্ত ঘুম অপরিহার্য (সূরা আন-নাবা : ৯)। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে অতিরিক্ত অপচয় ও অতিভোজন পরিহার করে পরিমিত ফল, সবজি ও বাদামজাতীয় খাবার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় (সূরা আল-আ’রাফ : ৩১)।
নেশা ও রাগের কুফল থেকে রক্ষা : মস্তিষ্কের সবচেয়ে বড় শত্রু হলো নেশা ও অতিরিক্ত রাগ। ইসলাম মদ ও মাদক সম্পূর্ণ হারাম করেছে (সূরা আল-মায়িদা : ৯০)। যা মস্তিষ্কের চিন্তাশক্তি ও বিচারবোধ নষ্ট করে। একইভাবে, ক্ষতিকর রাগ সংবরণের নির্দেশ দিয়ে রাসূল (সা.) বলেছেন, ‘রাগ করো না’ (সহিহ বুখারি : ৬১১৬)। রাগ নিয়ন্ত্রণ মস্তিষ্কের আবেগীয় ভারসাম্য বজায় রাখে।
শরীরের যত্ন ও চিকিৎসা গ্রহণ : রাসূল (সা.) নির্দেশ দিয়েছেন, ‘তোমার শরীরেও তোমার ওপর অধিকার রয়েছে’ (সহিহ বুখারি : ৫১৯৯)। শারীরিক ব্যায়াম ও সক্রিয় জীবন মস্তিষ্ক রক্তপ্রবাহ বাড়ায়। রোগ হলে অলসতা না করে দ্রুত চিকিৎসা গ্রহণ করা ইসলামেরই নির্দেশ (আবু দাউদ : ৩৮৫৫)। বিশেষ করে স্ট্রোক (মুখ বেঁকে যাওয়া, হাত-পা অবশ হওয়া, কথা জড়িয়ে যাওয়া) কিংবা ডিমেনশিয়ার মতো জরুরি স্নায়বিক সমস্যায় দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
আমাদের অঙ্গীকার হোক আল্লাহর দেওয়া এ নিয়ামতের সঠিক যত্ন নেব, মাদক ও মানসিক চাপমুক্ত থেকে সুস্থ ও কল্যাণময় জীবন গড়ে তুলব।
কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৬,/বিকাল ৪:৫০