মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম

হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৬ Time View

ডেস্কনিউজঃ যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ অবকাঠামো বা জাতীয় গ্রিডে হামলা চালালে পাল্টা পদক্ষেপ হিসেবে লোহিত সাগরে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের প্রস্তুতি নিতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নির্দেশ দিয়েছে তেহরান। বৃহস্পতিবার উচ্চপর্যায়ের অন্তত তিনটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

লোহিত সাগরে তেল পরিবহনের রুট বন্ধ করে দিতে হুথিদের প্রতি ইরানের এই নির্দেশ বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন করে বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ও এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি আঞ্চলিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, বিষয়টি নিয়ে তেহরানের নীতিনির্ধারণী পর্যায়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে ইরানের মিত্র হুথিদের কাছেও প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

তেহরানের এই অনুরোধের কথা সম্প্রতি হুথিদের জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে কোনও সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ পরিবেশন করা হয়নি। তবে এই নির্দেশ ঠিক কীভাবে পাঠানো হয়েছে এবং মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালানোর যে হুমকি দিয়েছিলেন, তার পরপরই এই বার্তা দেওয়া হয়েছে কি না; সে বিষয়ে সূত্রগুলো সুনির্দিষ্ট করে কিছু জানায়নি।

এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হুথি গোষ্ঠীর মুখপাত্রের তাৎক্ষণিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

বাব আল-মান্দেবে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোতায়েন
হুথিদের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, ইয়েমেনের পাহাড়ি অঞ্চল হোদাইদাহ ও এডেন উপসাগরের মধ্যবর্তী এলাকায় এবং লোহিত সাগরের প্রবেশদ্বার ‘বাব আল-মান্দেব’ প্রণালীর কাছাকাছি ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করেছে হুথিরা। ওই পথে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে গোষ্ঠীটি। বর্তমানে তারা ইরানের পক্ষ থেকে কেবল চূড়ান্ত নির্দেশ পাওয়ার অপেক্ষায় রয়েছে।

লোহিত সাগর এবং এর বাব আল-মান্দেব প্রবেশদ্বারে যেকোনও ধরনের অস্থিরতা বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর থেকেই এই বৈশ্বিক সংকট শুরু হয়েছিল। নতুন এই হুমকি দুই পক্ষের মধ্যকার সংঘাতের ভয়াবহ ঝুঁকিকে আবারও সামনে এনেছে।

বর্তমানে হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। এর ওপর লোহিত সাগরের জাহাজ কিংবা বন্দরগুলোতে হুথিরা আক্রমণ চালালে মধ্যপ্রাচ্যের প্রধান দুটি তেল রপ্তানি রুট একসঙ্গে সম্পূর্ণ অচল হয়ে পড়বে। এটি একদিকে যেমন বিশ্বব্যাপী জ্বালানি সংকটকে মারাত্মক পর্যায়ে নিয়ে যাবে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাতের পরিধি আরও বাড়িয়ে দেবে।

হুথিদের ঘনিষ্ঠ ওই সূত্র বলেছে, ইয়েমেনে আগে থেকেই অবস্থান করা ইরানের ইসলামি রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রতিনিধিরা বাব আল-মান্দেব প্রণালি কখন বন্ধ করা হবে; সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

ওই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে সোমবার নিজেদের নিয়ন্ত্রণে থাকা একটি বিমানবন্দরে বোমাবর্ষণের জন্য সৌদি আরবকে দায়ী করে দেশটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। এর মাধ্যমে সৌদি আরব ও হুথিদের চার বছর ধরে টিকে থাকা দীর্ঘ যুদ্ধবিরতি ভেস্তে যায়।

ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভেরিস্ক ম্যাপলক্রফটের মধ্যপ্রাচ্যবিষয়ক প্রধান বিশ্লেষক তরবজর্ন সলভড বলেন, হুথি ও সৌদি আরবের এই সংঘাত অত্যন্ত স্পর্শকাতর সময়ে সামনে এসেছে। তিনি বলেন, লড়াই যদি আরও তীব্র রূপ ধারণ করে এবং তা লোহিত সাগরের রপ্তানি অবকাঠামো ও জাহাজ চলাচলে ছড়িয়ে পড়ে, তাহলে তা এই অঞ্চল থেকে তেল রপ্তানির একমাত্র প্রধান বিকল্প রুটটিকেও পুরোপুরি বন্ধ করে দেবে।

রিয়াদের ঘনিষ্ঠ আঞ্চলিক দুটি সূত্র বলেছে, ইরান ও হুথিদের পক্ষ থেকে আসা এই হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে সৌদি আরব। লোহিত সাগর নিয়ে ইয়েমেনি এই গোষ্ঠীটি এখন সরাসরি তেহরানের দিকনির্দেশনায় কাজ করছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূত্রপাত ঘটেছিল। এর জবাবে তেহরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালি বন্ধ করে দেয়; যা যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনের প্রধান পথ ছিল। গত জুনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে এই উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

সূত্র: রয়টার্স।

কিউএনবি/বিপুল/১৬.০৭.২০২৬/রাত ৯.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit