শান্তা ইসলাম জেলা প্রতিনিধি : নেত্রকোনা নেত্রকোণায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গৃহীত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা আল ফয়সাল। ব্রিফিংয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক এবং বর্তমান উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তারিত চিত্র তুলে ধরেন জেলা তথ্য অফিসের তথ্য কর্মকর্তা নারায়ণ সরকার।
এ সময় ইশতেহার বাস্তবায়ন ও বিভাগীয় উন্নয়ন নিয়ে আরও বক্তব্য রাখেন— জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. চন্দন কুমার মহাপাত্র এবং পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. নাজমুল হক। প্রেস ব্রিফিংয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম) এবং সাবেক সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান।
এছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে বক্তারা বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে জেলা পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে চলছে। এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঠিক তথ্য সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে তারা গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
কিউএনবি/আয়শা/ ১৫ মে ২০২৬,/রাত ১১:৫৫