গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কিফায়েতনগর এলাকায় গাবখান নদীতে গোসল করতে নেমে আলিফ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঈদের পাঁচদিন আগে আলিফ তার নানা বাড়িতে বেড়াতে আসে। সে ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সেলিম চৌধুরীর ছেলে। দুপুরে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুকের সঙ্গে নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে আলিফ সাঁতার জানতো না।
প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার ইনুচ জানান, আলিফ নদীতে ডুবে যেতে দেখে তিনি দ্রুত পানিতে ঝাঁপ দেন, তবে তাকে খুঁজে পাননি। এ বিষয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাহবুব হোসেন জানান, নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বরিশাল থেকে ডুবুরির একটি দল এসে অভিযানে যোগ দিয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৬,/বিকাল ৫:২৩