বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

আল হিলাল এশিয়ার ‘রিয়াল মাদ্রিদ’: বেনজেমা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : গত সোমবার আনুষ্ঠানিকভাবে আল ইত্তিহাদ ছেড়ে আল হিলালে যোগ দেন ২০২২ সালের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। জুনের পর আল ইত্তিহাদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি সৌদি প্রো লিগের বর্তমান শীর্ষ দলেই নাম লেখান।

ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে বেনজেমা বলেন, ‘এখানে এসে খুব ভালো লাগছে। প্রথম অনুশীলনের পরই আমি দারুণ খুশি। কোচ ও সতীর্থদের সঙ্গে কাজ করে বুঝেছি, আমি একটি বড় দলের অংশ হয়েছি।’
আল হিলালের ইতিহাস ও সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এটি একটি দারুণ ক্লাব। তাদের ট্রফি জয়ের ইতিহাস আছে। অনেক শিরোপা জিতেছে তারা। সব মিলিয়ে এটা এশিয়ার রিয়াল মাদ্রিদের মতো—ভালো সমর্থক, ভালো খেলোয়াড় আর জয়ের মানসিকতা।’
 
এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে আল হিলালের বিপক্ষে খেলার অভিজ্ঞতার কথাও স্মরণ করেন বেনজেমা। তিনি বলেন, ‘আগেও এই দলের বিপক্ষে খেলেছি। কখনোই সহজ ম্যাচ ছিল না। ভালো স্মৃতি আছে। আজ আমি আনন্দিত, কারণ এখন আমি আল হিলালের খেলোয়াড়।’
 
সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, আল ইত্তিহাদের প্রস্তাবিত নতুন চুক্তিতে সম্মানজনক শর্ত না থাকায় হতাশ হয়েছিলেন ৩৮ বছর বয়সী এই স্ট্রাইকার। সৌদি প্রো লিগ কর্তৃপক্ষের দেওয়া প্রস্তাব কার্যত তাকে বিনা পারিশ্রমিকে খেলতে বাধ্য করত বলেও দাবি করা হয়েছে।
 
ইউরোপের কয়েকটি ক্লাব থেকে প্রস্তাব পেলেও বেনজেমা সৌদি আরবেই থাকার সিদ্ধান্ত নেন। এর পেছনে একটি বড় কারণ তার ইমেজ রাইটস চুক্তি, যার মেয়াদ রয়েছে ২০৩০ সাল পর্যন্ত।
 
পিআইএফ (সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড) পরিচালিত এই দলবদল ঘিরে সৌদি ফুটবলে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। জানা গেছে, আল নাসরের অধিনায়ক ও বেনজেমার সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো এতে অসন্তুষ্ট। তার অভিযোগ, পিআইএফ আল নাসরের তুলনায় আল হিলালকে বেশি সুবিধা দিচ্ছে।
 
সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, এই অসন্তোষের জেরে সোমবার ক্লাবের হয়ে খেলতেও অস্বীকৃতি জানান রোনালদো। সৌদি প্রো লিগে বর্তমানে এক পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে তার দল আল নাসর। শিরোপা জয়ের লক্ষ্যে মরিয়া রোনালদো এখনো আল নাসরের হয়ে কোনো বড় ট্রফি জিততে পারেননি।
 
এদিকে নতুন ক্লাবে নিজের লক্ষ্য পরিষ্কার করে দিয়েছেন বেনজেমা। তিনি বলেন, ‘আমার মানসিকতা সবাই জানে। আমার অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে। মাঠে নিজের সর্বোচ্চটা দেব। দলকে সাহায্য করব এবং ইনশাআল্লাহ ট্রফি জিতব। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিরোপা এনে দেওয়া।’

২০২৩ সালের গ্রীষ্মে সৌদি আরবে পা রাখার আগে রিয়াল মাদ্রিদের হয়ে ২৫টি শিরোপা জিতেছেন বেনজেমা। এর মধ্যে রয়েছে চারটি লা লিগা, তিনটি কোপা দেল রে এবং পাঁচটি চ্যাম্পিয়নস লিগ। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে ১৪ ম্যাচে ৮ গোল করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। আল হিলালের জার্সিতে তার অভিষেক হতে পারে বৃহস্পতিবার, আল ওখদুদের বিপক্ষে লিগ ম্যাচে।

 

 

কিউএনবি/খোরশেদ/০৪ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit