সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা, নিহত অন্তত ৭

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। শুক্রবার আফগানিস্তানের সীমান্ত লাগোয়া পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় এক এলাকায় আত্মঘাতী হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

দেশজুড়ে ক্রমবর্ধমান জঙ্গি হামলা সামাল দিতে হিমশিম খাচ্ছে পাকিস্তান। এর মাঝেই দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের দেরা ইসমাইল খান জেলায় বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী ওই হামলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দেরা ইসমাইল খান জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে শান্তি কমিটির সদস্যদের অবস্থান করা ভবনে ওই বোমা হামলা চালানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আদনান বলেছেন, শান্তি কমিটিগুলো স্থানীয় বাসিন্দা ও বয়োজ্যেষ্ঠদের নিয়ে গঠিত এবং আফগান সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের মোকাবিলায় ইসলামাবাদের উদ্যোগের অংশ হিসেবে এসব কমিটি কাজ করে।

আফগান সীমান্তের উভয় পাশেই সক্রিয় রয়েছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী তালেবান। পাকিস্তানে এই গোষ্ঠীটি তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামে পরিচিত। জঙ্গি হামলা মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে প্রশাসনের গঠন করা শান্তি কমিটির সদস্যদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যা দিয়েছে তালেবান।

পাকিস্তানের কয়েকটি সুন্নিপন্থি জঙ্গি গোষ্ঠীর একটি মূল সংগঠন হিসেবে কাজ করছে পাকিস্তানি তালেবান। ১৯৯৭ সাল থেকে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে এই গোষ্ঠীটি। পাকিস্তানের শাসনব্যবস্থার পরিবর্তে নিজেদের কঠোর ইসলামি আইন প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য বলে ঘোষণা দিয়েছে পাকিস্তান তালেবান।

ইসলামাবাদ অভিযোগ করে বলেছে, আফগান তালেবান পাকিস্তানি এই গোষ্ঠীকে আফগানিস্তান থেকে হামলার পরিকল্পনায় সহায়তা করছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে বলছে, জঙ্গিবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।

সূত্র: রয়টার্স।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৬,/রাত ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit