বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

বিএনপির মূল লক্ষ্য কী, জানালেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে সবার আগে দেশ পুনর্গঠন করবে উল্লেখ করে, তাদের মূল লক্ষ্য কী তা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো মেরামত করা বিএনপির মূল লক্ষ্য। কৃষকের উৎপাদন, নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্যসেবার উন্নয়ন করাও বিএনপির লক্ষ্য। জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে এসব করবে বিএনপি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপির সম্মেলনে ভারচুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, ‘গত ১৬ বছর স্বৈরাচার শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে বিএনপিসহ বিভিন্ন গণতান্ত্রিক দলের নেতাকর্মীদের খুন, গুম এবং দেশে লুটতরাজ করে। তখন নানা ধরনের নির্যাতনের মুখে বিএনপিসহ কিছু রাজনৈতিক দল রাজপথে থেকে লড়াই করেছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এখন অনেকেই সংস্কারের কথা বলছেন। বিগত সময়ে তাদেরকে রাজপথে পাওয়া যায়নি। একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে এবং ৩১ দফা ঘোষণা করেছে। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করবে।

জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না দাবি করে তারেক রহমান বলেন, ‘বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে ইতিপূর্বে ব্যবস্থা নেয়া হয়েছে। তাই বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বিগত ১৭টি বছর আন্দোলন করেছি, সেই স্বৈরাচার আজ পলাতক। তারা বিভিন্নভাবে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন দাবি-দাওয়ার অসিলায় তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের এই লক্ষ্য আমরা হাসিল করতে দিতে পারি না। দেশের মানুষকে যদি রক্ষা করতে হয়, সর্বোপরি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের সবাইকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এ জন্য আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধার খুঁজে বের করার ওপর জোর দেন তারেক রহমান। বলেন, ‘আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। আমরা বসব, আলোচনা করব। এক আলোচনায় শেষ না হলে আবার আলোচনায় বসব। আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধার খুঁজে বের করব। আমাদের অনেক কাজ। দেশকে পুনর্গঠনের কাজ।’

দেশের সামনে বিএনপির রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের ৩১ দফা রূপরেখা দেওয়ার কথা উল্লেখ করে ভিারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সেটির মধ্যে ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদের শিক্ষাব্যবস্থাকে কীভাবে করব, তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে। এই দেশের বেকারদের কর্মসংস্থানের জন্য, স্বাস্থ্যব্যবস্থা ও কৃষির জন্য আমরা কী কী করতে চাই, তার কথাও উল্লেখ করা আছে। সমগ্র দেশকে পুনর্গঠন করার জন্য আমরা কী করতে চাই, সেই কথাগুলো বলা আছে রূপরেখায়।’

কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit