শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

ভারতে হোয়াটসঅ্যাপ বিজনেসে বাড়ছে বার্তার খরচ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ভারতে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে ব্যবসায়িক বার্তার মূল্য কাঠামোতে পরিবর্তন আনছে মেটা। আগামী ১ অক্টোবর থেকে নির্দিষ্ট কিছু বার্তার জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অর্থ পরিশোধ করতে হবে। এতদিন এসব বার্তা নির্দিষ্ট পরিস্থিতিতে বিনামূল্যে পাঠানোর সুযোগ ছিল।

বর্তমানে কোনো গ্রাহক ব্যবসা প্রতিষ্ঠানে বার্তা পাঠানোর পর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানটি বিনামূল্যে উত্তর দিতে পারে। একই সময়ের মধ্যে অর্ডার নিশ্চিতকরণ, পণ্য পাঠানোর তথ্য বা ডেলিভারি আপডেটের মতো ইউটিলিটি মেসেজও বিনা খরচে পাঠানো যায়। তবে নতুন নিয়মে এই ২৪ ঘণ্টার মধ্যেও ইউটিলিটি মেসেজের জন্য চার্জ নেবে মেটা।

ভারতে অর্ডার কনফার্মেশন ও ডেলিভারি আপডেটের মতো ইউটিলিটি মেসেজের জন্য প্রতি ডেলিভারড মেসেজে ০.১১৫ রুপি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটি যোগ হলে প্রতিটি বার্তার খরচ দাঁড়াবে প্রায় ০.১৩৬ রুপি। অর্থাৎ ১ হাজার অর্ডার আপডেট পাঠাতে জিএসটি ছাড়া খরচ হবে ১১৫ রুপি, আর জিএসটিসহ ব্যয় হবে প্রায় ১৩৫.৭০ রুপি।

তবে গ্রাহকের প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে প্রতি মাসে একটি ব্যবসায়িক ফোন নম্বরের জন্য প্রথম ১ হাজার সার্ভিস মেসেজ বিনামূল্যে থাকবে। এর বেশি বার্তা পাঠালে অতিরিক্ত অংশের জন্য চার্জ দিতে হবে। উদাহরণ হিসেবে, কোনো প্রতিষ্ঠান মাসে ১ হাজার ৫০০টি সার্ভিস রিপ্লাই পাঠালে প্রথম ১ হাজারের জন্য খরচ হবে না। বাকি ৫০০টি বার্তার জন্য প্রতি বার্তা ০.১১৫ রুপি হারে অর্থ দিতে হবে।

এদিকে, গ্রাহকের পাঠানো বার্তার ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পর পাঠানো ইউটিলিটি মেসেজের জন্য আগে থেকেই যে চার্জ প্রযোজ্য ছিল, তা বহাল থাকছে।

বার্তার ধরন অনুযায়ী চার্জের পরিমাণও আলাদা হবে। মেটার নির্ধারিত তালিকা অনুযায়ী, প্রচারণামূলক অফার ও বিক্রয়সংক্রান্ত বার্তার মতো মার্কেটিং মেসেজের জন্য প্রতি বার্তায় ০.৮৬৩১ রুপি এবং ওটিপির মতো অথেনটিকেশন মেসেজের জন্য ০.১১৫ রুপি চার্জ নির্ধারণ করা হয়েছে। এসব চার্জের সঙ্গে জিএসটি যুক্ত হবে।

তবে সব ধরনের ব্যবসায়িক যোগাযোগের জন্য অর্থ দিতে হবে না। গ্রাহকরা ব্যবসা প্রতিষ্ঠানকে বিনামূল্যে বার্তা পাঠাতে পারবেন এবং এসব বার্তা গ্রহণের জন্য ব্যবসা প্রতিষ্ঠানকেও কোনো চার্জ দিতে হবে না।

এ ছাড়া ফেসবুক পেজের কল-টু-অ্যাকশন বাটন বা ক্লিক-টু-হোয়াটসঅ্যাপ বিজ্ঞাপনের মাধ্যমে কোনো ব্যবসার সঙ্গে গ্রাহকের যোগাযোগ শুরু হলে বিদ্যমান ৭২ ঘণ্টার ফ্রি মেসেজিং সুবিধা বহাল থাকবে। এই সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো মেসেজিং চার্জ ছাড়াই গ্রাহকদের বার্তা পাঠাতে পারবে।

নতুন নিয়মটি শুধু হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। সাধারণ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ওপর এর কোনো প্রভাব পড়বে না।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit