শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

শেষের ঝলকে লড়াকু পুঁজি বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের ব্যাটিং একেবারে মন্দ হয়নি। যদিও ইনিংসের বড় একটা সময় প্রচণ্ড ধীরগতিতে ব্যাট চালিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। তবে শেষ পর্যন্ত অধিনায়ক নাজমুল শান্তর ফিফটি এবং নাসুম-জাকেরদের ক্যামিওতে লড়াকু পুঁজি পেয়েছে দল। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান পর্যন্ত পৌঁছেছে বাংলাদেশ।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা দেখেশুনে খেলার চেষ্টা করেন। তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার তানজিদকে হারায় বাংলাদেশ। ২২ রানে তাকে ফেরান প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের জয়ের নায়ক স্পিনার গাজানফার।

তানজিদ ফেরার পর দ্বিতীয় উইকেটে শান্তকে নিয়ে ৭১ রানের দারুণ এক জুটি গড়ে তোলেন সৌম্য সরকার। তবে ব্যক্তিগত ৩৫ রানে রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। যদিও রিভিউ নিলে বেঁচে যেতেন। কারণ রশিদের বল পিচ করেছিল লেগ স্টাম্প লাইনের বাইরে। রিভিউ না নেওয়ায় দারুণ সেই জুটির পরিসমাপ্তি ঘটে।

শান্ত দেখেশুনে খেলে ৭৫ বলে ফিফটি ছুঁয়েছিলেন। তবে তাকে সঙ্গ দিতে নেমে ২২ রানের বেশি নিতে পারেননি সহ-অধিনায়ক মিরাজ। রশিদ খানের বলে স্টাম্প উড়ে গেছে তার। তাওহিদ হৃদয়কে ১১ রানে থামিয়েছেন নানগেয়ালিয়া খারোটে। এদিকে পঞ্চাশ পেরোনোর পর রান তোলার গতি বাড়ানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হন শান্ত। আফগান স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে বেগ পেতে হয়েছে তার। শেষ পর্যন্ত নানগেয়ালিয়ার বল শূন্যে ভাসিয়ে খেলতে গিয়ে ক্যাচ হয়েছেন তিনি। ফেরার আগে তার ব্যাটে এসেছে ১১৯ বলে ৬ চার ও এক ছক্কায় ৭৬ রান।

একই বোলারের বলে উচ্চাভিলাষী শট খেলে ৯ বলে ৩ রানে থামতে হয়েছে মাহমুদউল্লাহকে। তবে শেষদিকে নাসুম আহমেদ ও জাকের আলীর জোড়া ক্যামিওতে আড়াইশ ছাড়ায় বাংলাদেশের স্কোর। ২৬ বলে ৩১ রানে অপরাজিত থাকেন অভিষেক ওয়ানডে খেলতে নামা জাকের। অন্যদিকে গাজানফারের দ্বিতীয় শিকার হয়ে ফেরার আগে ২৫ রান করেন স্পিনার নাসুম।

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন নানগেয়ালিয়া খারোটে। এছাড়া দুটি করে উইকেট গেছে রশিদ ও গাজানফারের ঝুলিতে। প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য দ্বিতীয় ওয়ানডে তাই এখন বাঁচামরার লড়াই।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit