আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি গত ১৯ আগস্ট পাকিস্তানের কারসাজ রোডে ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, গত ১৯ আগস্ট প্রখ্যাত ব্যবসায়ী দানিশ ইকবালের স্ত্রী নাতাশা দানিশ কারসাজ রোডে টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। গাড়িটি টার্ন নেয়ার সময় তিনি একটি মোটরসাইকেল, একটি পার্ক করা গাড়িসহ একাধিক যানবাহনকে ধাক্কা দেন। এতে, সেখানে থাকা এক বাবা-মেয়ের মৃত্যু হয়।
আর আহত আরও চারজনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের একজন এখন ভেন্টিলেটরে রয়েছেন বলে তার পরিবার জানিয়েছে।
দুর্ঘটনার পর নাতাশার আচরণ ও অঙ্গভঙ্গির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আর এই ভিডিও দেখেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। এক্সে শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, নাতাশাকে ক্ষুব্ধ জনতা ঘিরে থাকা সত্ত্বেও তিনি হাসছেন এবং বলছেন, ‘আপনারা জানেন না আমার বাবা কে?’
ভিডিওটির কমেন্টবক্সে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবহারকারীরা। একজন লিখেছেন, ‘অনুতাপ শুন্য’। আরেকজন লিখেছেন, ‘মাদকের প্রভাবে দরিদ্র ও নিরপরাধ বাবা-মেয়েকে গাড়ি চালিয়ে হত্যা করেছে।’
আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘এটি লজ্জাজনক যে, কীভাবে নাতাশা পাকিস্তানের আইন ও বিচার ব্যবস্থাকে উপহাস করে তার সম্পদ ও অহংকার প্রকাশ করে। এটি হলো অভিজাতদের জবাবদিহিতার প্রতি অবজ্ঞা, যেখানে দরিদ্ররা জেল, শাস্তি, আটক এবং জরিমানা ভোগ করে।’
এমএম নিউজ জানিয়েছে, নাতাশা দানিশ মারাত্মক দুর্ঘটনার পরে ‘মানসিক স্বাস্থ্যের উদ্বেগ’ জানিয়ে আদালতে উপস্থিতি এড়িয়ে যান। তার আইনজীবী আমির মনসুব দাবি করেছেন, নাতাশার মানসিক স্বাস্থ্য ‘স্থিতিশীল’ নয় এবং তিনি জিন্নাহ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তবে, হাসপাতালের রিপোর্টগুলো বলছে ভিন্ন কথা। রিপোর্টে দেখা যাচ্ছে, নাতাশাকে চিকিৎসার পরে তার মানসিক স্বাস্থ্য ঠিক আছে বলে ছেড়ে দিয়েছে।
কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৫৫