জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খেলাধুলার মানোন্নয়ন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ এবং স্থানীয় পর্যায়ে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় তৈরির লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২০ জন তরুণ ফুটবল খেলোয়াড়কে মাসব্যাপী উন্নত ফুটবল প্রশিক্ষণ দিয়েছে গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে গোমতী বি.কে উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী প্রশিক্ষণে অংশ নেওয়া খেলোয়াড়দের সঙ্গে কৌশল ও বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল পিএসসি, জি। প্রশিক্ষণে খেলোয়াড়দের ফুটবলের মৌলিক ও আধুনিক কৌশল, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, বল নিয়ন্ত্রণ, পাসিং, ড্রিবলিং, শুটিংসহ খেলার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি দলগত সমন্বয়, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় প্রশিক্ষক সুলতান ভূঁইয়া, গোমতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু ফজল ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন, দুর্গম পাহাড়ি এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে মাটিরাঙ্গার তরুণ ফুটবলাররা ভবিষ্যতে বিভিন্ন পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারবেন।
মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল পিএসসি, জি বলেন, “তরুণদের প্রতিভা বিকাশের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও যথাযথ সুযোগ তৈরি করা প্রয়োজন। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ফুটবল দক্ষতা আরও শাণিত হবে।
ভবিষ্যতে তারা উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে বলে আমরা আশা করছি।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২০ জন খেলোয়াড়ের প্রত্যেককে মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে সনদ প্রদান করা হবে বলেও জানিয়ে তিনি আরও বলেন, “তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখলে তাদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।
সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি হয়। মাটিরাঙ্গায় স্থানীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৫৫