স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন যেন হাওয়ায় মিলিয়ে গেছেন! গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আর বিসিবিতে ফেরেননি সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী। তিনি দেশে আছেন নাকি অন্য কোনো দেশে গিয়েছেন, সে বিষয়েও সুনির্দিষ্ট তথ্য দিতে পারছেন না কেউ।
আগামী অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বর্তমান পরিস্থিতিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এই ইস্যুতে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘এখন পাপন ভাই নেই, যদিও এখনো উনি সভাপতি আছেন, যেহেতু পদত্যাগ করেননি। আসিফ মাহমুদ এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। উনি সিদ্ধান্ত নেবেন। বলে দিয়েছেন কী করতে হবে।’
তবে কোনো কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি বাংলাদেশ আয়োজন না করতে পারে, তাহলে সেটা দুর্ভাগ্যজনক হবে বলে মনে করেন সুজন, ‘বিশ্বকাপটা বাংলাদেশে হোক, আমাদের দেশের ভাবমূর্তির ব্যাপার থাকবে। এটা খুবই তাৎপর্যপূর্ণ হবে, বিশ্বকাপটা আয়োজন করতে পারলে। না হলে দুর্ভাগ্য বলতে হবে।’
কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/রাত ১০:১৪