আখাউড়া পৌরসভায় শিক্ষার্থীরা, ‘শেখ হাসিনারে ফালাই দিছি,আপনারা কি?’দেওয়া হলো ১৬ দাবি ক্ষমা চাইলেন কর্মকর্তা
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
১৬২
Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গত বৃহস্পতি ও শুক্রবার পৌরসভায় ছুটে যান। পৌরসভার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় ১৬টি দাবি উত্থাপন করেছেন তারা। এ সময় এক পৌর কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তিনি ক্ষমা চান। বৃহস্পতিবার শিক্ষার্থীরা প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালনরত মো. বাবুল মিয়ার সঙ্গে কথা বলেন শিক্ষার্থীরা। এ সময় কিভাবে তিনি দায়িত্ব পালন করছেন সে বিষয়ে জানতে চান। এক শিক্ষার্থীকে বলতে শুনা যায়, ‘পৌরসভায় কোনো ধরণের অনিয়ম করা যাবে না। আমরা আন্দোলন করে শেখ হাসিনাকে ফালাই দিছি, আপনারা কি? নিয়ম মেনে সব কাজ করবেন।’ শুক্রবার সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে বৈঠক করার আহবান জানান শিক্ষার্থীরা।
এরই প্রেক্ষিতে শুক্রবার শিক্ষার্থীরা পৌরসভা কার্যালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। এ সময় পৌরসভার উপ সহকারি প্রকৌশলী মো. ফয়সাল আহমেদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠে। তখন শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনি ক্ষমা প্রার্থণা করেন। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একজন বীরপ্রতীকের বাড়ির মানুষের দীর্ঘদিনের কষ্ট করা নিয়েও আলোচনা হয়। সড়কের বেহাল দশা, ফুটপাত দখলসহ নানা বিষয় তুলে ধরেন শিক্ষার্থীরা।আলোচনা চলাকালে শিক্ষার্থীদের এ উদ্যোগকে স্বাগত জানান একাধিক পৌর কাউন্সিলর। এ সময় তারাও অভিযোগ করেন যে ‘জিম্মিদশায়’ ছিলেন। এলাকার মানুষের মাঝে শিক্ষার্থীদের উদ্যোগের কথা ছড়িয়ে পড়লে তারাও সাধুবাদ জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া পৌরসভায় অনিয়ম-দুর্নীতি ছিলো ওপেন সিক্রেট। মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলের একক সিদ্ধান্তে চলতো পৌরসভার কার্যক্রম। কাউন্সিলররা এর প্রতিবাদ করলেই নেমে আসতো ‘খড়গ’। পানির লাইনের অপ্রয়োজনীয় প্রকল্প, বিভিন্ন লাইসেন্সে অতিরিক্ত ফি আদায়, যানজট নিরসনে ভুমিকা না নেওয়া, পৌরসভার নির্ধারিত টোলের বাইরেও যানবাহন থেকে অতিরিক্ত টাকা আদায়ের কারণে সাধারন মানুষও ক্ষুব্ধ ছিলো। পানির প্রকল্প নিয়ে প্রতিবাদ করায় মামলাও দেওয়া হয়। এসব কারণে ক্ষুব্ধ ছিলেন সাধারন মানুষ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আখাউড়ায় তেমন কোনো উত্তপ্ত পরিস্থিতি না থাকলেও উপজেলা ছাত্রলীগের সভাপতি ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহবুদ্দিন বেগ শাপলুর একটি ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে হয়। আন্দোলনরত এক শিক্ষার্থীকে ‘হুয়াট ইজ এক দফা’ বলে তার হাতে থাকা কাগজ ছিঁড়ে ফেলেন। এ অবস্থায় ক্ষুব্ধ লোকজন মেয়রের বাড়িতে হামলা চালায় ও আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে শুরু হয় লুটপাট। তখন আন্দোলনরতদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। হামলার মুখেই বাড়ি থেকে ঝুঁকি নিয়ে পালিয়ে যান তাকজিল খলিফা কাজল।
১৬ দফায় যা আছে
লেজুড়বৃত্তি পরিহার করে নি:স্বার্থভাবে আখাউড়ার উন্নয়নে মনোনিবেশ করা। সাবেক মেয়র (পলাতক মেয়র) বা কোনো ব্যক্তি এজেন্ডা বাস্তবায়নে কাজ করা যাবে না। ছাত্রসমাজ, সুশীল সমাজ ও সাধারন জনতার অংশগ্রহনে আলোচনা সভার মাধ্যমে প্যানেল মেয়র নির্বাচিত হবে। যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে ছাত্রসমাজ, সুশীল সমাজ ও সাধারন জনতার মতামত নিতে হবে। বিতর্কিত প্রকল্প সমূহ স্থগিত থাকবে। অতি দ্রুত পৌরসভার নির্বাহী কাজসমূহ সচল করবেন। শহিদদের স্মরণে আখাউড়ার একটি প্রতিষ্ঠান বা সড়কের নাম কোনো একজন শহীদের নামে নামকরণ করতে হবে। সড়ক বাজার, বড় বাজার ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। অন্যান্য ধর্মালম্বীদের নিরাপত্তার জন্য কাউন্সিলরগন সম্মিলিতভাবে ও ব্যক্তিগত উদ্যোগে ব্যবস্থা গ্রহন করবেন। পৌরসভার কার্যক্রমের কোনো ধরণের দুর্নীতি ও হয়রানি সহ্য করা হবে না এবং দুর্নীতিবাজ কর্মচারিদের বদলির ব্যবস্থা করতে হবে। কাউন্সিলরগণ প্রতি সপ্তাহে অন্তত একদিন গণশুনানি করবেন ও জনগণের সমস্যা শুনে ব্যবস্থা গ্রহন করবেন।
নিয়মিত রাস্তার মনিটরিং, ময়লা পরিস্কার, যানবাহনের ভাড়া নির্ধারণে কার্যকর ব্যবস্থা গ্রহন করবে। সিএনজি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড ও রিকশা দাঁড়ানোর জন্য পৌরসভা কর্তৃক দ্রুত জায়গা বরাদ্দ করে যানজট নিরসনে ব্যবস্থা গ্রহন করতে হবে। অস্থায়ী দোকনসমূহ সরিয়ে তাদের জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করতে হবে। ফুটপাতের দোকানপাট ও সিএনজি, অটোরিকশা থেকে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক চাঁদাবাজি বন্ধ করতে হবে। সর্বোপরি অন্তর্কোন্দল বাদ দিয়ে দেশ ও জাতি গঠনে ছাত্র-জনতার সাতে আত্মনিয়োগ করতে হবে।
কাউন্সিলররা যা বললেন ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম মিয়া সুজন বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে আমার বিরুদ্ধে ১৪টি মামলা হয়েছে। পৌরসভায় হওয়া অন্যায়ের প্রতিবাদ করলেই আমাকে ভয়-ভীতি দেখানো হতো। এখন ছাত্ররা যেসব দাবি নিয়ে এসেছে এগুলোর সঙ্গে আমরা একমত।ওয়ার্ড কাউন্সিলর শিপন হায়দার বলেন, ‘ছাত্ররা আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা যে ১৬টি দাবি দিয়েছে এর সঙ্গে মাদক নির্মুলে কাজ করার বিষয়টি আমি বলেছি। আমরা ছাত্রদের দাবি অনুযায়ি সাধ্যমতো কাজ করতে চেষ্টা চালিয়ে যাবো।’