বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ভুল প্রতীকের কারণে স্থগিত হওয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুন: ভোটে ফারুক ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করে ৮৯১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মোস্তাক আহমেদ পেয়েছে ৫২২০ ভোট।
রবিবার সেখানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত শুরু হয়। সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়। জাল ভোট দেওয়ার অভিযোগে মো. আরাফাত ভুইয়া (১৯) নামে একজনকে পাঁচদিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত ২৮ এপ্রিল কুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন ছিলো। ভোট চলাকালীন চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আহমেদ জানতে পারেন ব্যালটে তার প্রতীক অটোরিকশার বদলে প্যাডেল চালিত রিকশা দেওয়া হয়েছে। এ অবস্থায় তার আবেদনের প্রেক্ষিতে চেয়ারম্যান পদের ভোট স্থগিত করা হয়।
রবিবার সকালে জাজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সাড়ে তিন হাজারের বেশি ভোটারের ওই কেন্দ্রে সকাল আটটা থেকেই ভোটার আসতে শুরু করেন। বিশেষ করে নারী ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এসআই আনোয়ার জোসেন জানান, এখানে কোনো ধরনের কিছু করার সুযোগ নেই। প্রিসাইডিং অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, এখানে পরিবেশ বেশ ভালো।
স্ক্রেচে ভর করে আসা বৃদ্ধ ভোটার মো. ইদন মিয়া জানান, স্বাচ্ছন্দে ভোট দিতে পেরে তিনি খুশি। ভোটের পরিবেশ খুব ভালো বলে তিনি উল্লেখ করেন। এ সময় আরো একাধিক ভোটারের সঙ্গে কথা হলে তারাও সুষ্ঠু ভোট নিয়ে স্বস্থি প্রকাশ করেন। সকাল ১০টায় বাইয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ও পুরুষ ভোটারদের লাইন।
তবে এখানে এক প্রার্থীর পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়া কিছু জাল ভোট পড়ে বলেও খবর বেরুয়। সেখানে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আরাফাত নামে একজনকে পাঁচদিনের কারাদন্ড দেন আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম।