বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন দোকানীকে জরিমানা করা হয়েছে। বেশি দামে খেজুর বিক্রি করার একজনকে ও মূল্য তালিকা না থাকায় দুই দোকানীকে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্র জানায়, উপজেলার চম্পকনগর বাজারে বেশি দামে খেজুর বিক্রি করায় নজির মিয়ার ফল দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিক্রয় মূল্য তালিকা না থাকায় লাকি স্টোরকে তিন হাজার ও শেখ সাদী স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।