স্পোর্টস ডেস্ক : এক গোলেই বাজিমাত লামিন ইয়ামালের। মায়োর্কার বিপক্ষে তার চোখ ধাঁধানো গোলে যারা এমনটি ভাবছেন তারা বাস করছেন বোকার স্বর্গে। কারণ বার্সার জার্সিতে অভিষেকের পর থেকেই নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন এই স্প্যানিশ উইঙ্গার। আর তাই মাত্র ১৬ বছর বয়সেই টাকার বস্তা নিয়ে তার পেছনে ছুটছে ক্লাবগুলো।
গেল ক’মৌসুম ধরেই মারাত্মক অর্থ সংকটে ফুটবল ক্লাব বার্সেলোনা। যার জন্য পছন্দের ফুটবলার কেনা থেকে বিরত আছে ক্লাবটি। টাকা খরচ করার বদলে লা মাসিয়া থেকে ফুটবলার তৈরি করে আবারো শিরদাঁড়া উঁচু করতে চায় কাতালানরা। তবে সেখানেও আঘাত হানতে চাইছে প্যারিস সেন্ট জার্মেই। মার্কা, গোল ডট কমসহ একাধিক ইউরোপিয়ান গণমাধ্যমে খবর, লামিন ইয়ামালকে পেতে উঠেপড়ে লেগেছে তারা। এ জন্য নাকি ২০০ মিলিয়ন ইউরো (বাংলাদেশ মুদ্রায় প্রায় ২৪০০ কোটি টাকা) খরচ করতে প্রস্তুত পিএসজি।
তবে এবার আর সে পথে হাঁটছে না বার্সেলোনা। পিএসজিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ইয়ামাল বিক্রির জন্য নয়। অবশ্য তার আঁচ পাওয়া যায় এই উইঙ্গারের রিলিজ ক্লজের দিকে তাকালে। এফসিবি থেকে ইয়ামালকে কিনতে হলে কোনো ক্লাবকে গুনতে হবে ১ বিলিয়ন ইউরো। এমন অবাস্তব অঙ্ক তারা সেট করেছে লামিনে ইয়ামালকে ধরে রাখার জন্যই। বার্সেলোনার সঙ্গে এই উইঙ্গারের চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। বয়স ১৮’র নিচে হওয়ায় তার সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তি করতে পারছে না ব্লগরানা। তবে বিভিন্ন সূত্র বলছে ইয়ামালের সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি নবায়ন করবে বার্সা। এ বিষয়ে সম্মতি রয়েছে দু-পক্ষের। ইয়ামালের বয়স ১৮ হলেই শেষ হবে আনুষ্ঠানিকতা।
লা মাসিয়া থেকে গেল ক’বছরে আরাওহো, গাভি, পেদ্রি, ইয়ামালের মতো ফুটবলার পেয়েছে বার্সেলোনা। তাদের মাধ্যমেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনছে কর্তৃপক্ষ। টাকার লোভে পড়ে এবার আর কোনো ভুল করতে চায় না ম্যানেজমেন্ট। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে চলে যাওয়ায় হন্যে হয়ে তার রিপ্লেসমেন্ট খুঁজছে পিএসজি। দীর্ঘ মেয়াদি পরিকল্পনায় তাদের লক্ষ্য ইয়ামাল।
এর আগে রেকর্ড ২২২ মিলিয়ন পারিশ্রমিকে নেইমারকে বার্সেলোনা থেকে কিনেছিল পিএসজি। তবে সেই প্রোজেক্ট থেকে খুব একটা লাভবান হয়নি প্যারিসিয়ানরা। এমনকি যে লক্ষ্য নিয়ে লিওনেল মেসিকে দলে ভিড়িয়েছিলেন নাসের আল খেলাইফি তাও হয়েছে ব্যর্থ।
কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৪,/রাত ৮:২১