স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন রাফায়েল নাদাল। মাংস পেশিতে চিড় ধরা পড়ায় বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম মিস করতে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেই নিজেই তার নাম সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এরপরেই নিজেকে সরিয়ে নেওয়ার কথা লিখেন তিনি, ‘এই মুহূর্তে পাঁচ সেটের ম্যাচ খেলার মতো শারীরিক অবস্থায় আমি নেই। এখন আমি আমার চিকিৎসা এবং বিশ্রামের জন্য স্পেনে ফিরে যাচ্ছি।’
হিপ জয়েন্টের ইনজুরির কারণে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। ৩১ ডিসেম্বর ব্রিসবেন ওপেন দিয়ে আবার টেনিস কোর্টে ফেরেন তিনি। এসেই হারিয়েছিলেন অস্ট্রিয়ান টেনিস তারকা ডমিনিক থিয়েমকে।
এরপর দ্বিতীয় রাউন্ডেও এসেছে অনায়াস জয়। কিন্তু তৃতীয় রাউন্ডে এসে হোঁচট খান নাদাল। ৫-৭, ৭-৬ (৮-৬) এবং ৬-৩ গেমে সরাসরি সেটে হারতে হয়েছে তাকে। থম্পসনের সঙ্গে এই ম্যাচেই মাংসপেশিতে অস্বস্তি অনুভব করেছিলেন।
তৃতীয় সেটের মাঝপথে বাম উরুতে ব্যাথা অনুভব করেন নাদাল। ঠিক এই পায়েই ইনজুরির কারণে এক বছর নিজেকে টেনিস থেকে সরিয়ে রেখেছিলেন টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। এরপরেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এই কথা নিশ্চিত করেছেন নাদাল। যদিও স্বস্তির খবর, মাংসপেশির এই চিড় হিপ জয়েন্টের সঙ্গে সংযুক্ত না।
কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৪,/রাত ১২:০০