রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

নিত্যপণ্যের বাজারে আগুন; বিষণ্ণ-উদ্বিগ্ন ক্রেতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৬৩ Time View

ডেস্ক নিউজ : বাজারে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বেড়েছে। সাধ্যের মধ্যে আর করা যাচ্ছে না বাজার। মাছ-মাংস, শাক-সবজিসহ প্রায় সব পণ্যের চড়া দামে দারুণ বিপাকে সাধারণ মানুষ। বিশেষত নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ বেশি বেকায়দায়। বাধ্য হয়ে পণ্য কেনার পরিমাণ কমিয়ে দিচ্ছেন তারা।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আগে থেকে বেশি দামের অনেক পণ্যের দাম নতুন করে আবারো বেড়েছে। এসব পণ্যের দাম কমার কোনো লক্ষণ নেই। গতকাল বৃহস্পতিবার খোলা চিনির দাম কেজিপ্রতি ১৬ টাকা বাড়িয়ে ১২০ টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। আর প্যাকেটজাত চিনির কেজি ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে আগে থেকে অস্থির চিনির বাজার আরও অস্থিতিশীল হয়েছে। ১৪৫-১৫০ টাকার কম কোথাও খোলা চিনি মিলছে না। আর বাজারে প্যাকেটজাত চিনিতো কয়েক সপ্তাহ ধরেই উধাও।

ঠিক এক সপ্তাহ আগেই বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। যা আগে ছিল ১৮৭ টাকা। তবে নতুন দামের তেল এখনো আসেনি সবখানে। কিন্তু পুরোনো দাম লেখা মোড়কের বোতলও বাজারে বিক্রি হচ্ছে নতুন দামে। এ ছাড়া আটা, ময়দা ও ডালের দাম নতুন করে না বাড়লেও সেগুলো বেশ আগেই বেড়ে বছরের অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে।

মসলার বাজারে নতুন করে চোখ রাঙাচ্ছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। ঈদের পর থেকে প্রতিকেজি পেঁয়াজে ৩০-৩৫ টাকা বেড়ে এখন ৭০ টাকায় ঠেকেছে। যা দুদিন আগেও ৬০-৬৫ টাকা ছিল। এ ছাড়া প্রতিকেজি আদা কিনতে গুনতে হচ্ছে ৩০০ টাকার বেশি দিয়ে। যা গত বছর একই সময় ছিল ৯০ থেকে ১২০ টাকার মধ্যে। অর্থাৎ, বছরের ব্যবধানে এখন আদার দাম তিনগুণেরও বেশি বেড়েছে। আমদানি করা চীনা রসুনের কেজি ২০ টাকা ৩০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা।

মুদিপণ্য আর মসলাই নয়, সবজি ও মাছের বাজারও পুড়ছে বাড়তি দামের আগুনে। বাজারে এখন আলু ছাড়া অন্য কোনো সবজির কেজি ৬০ টাকার কমে মিলছে না। পেঁপে ও মুলার মতো তুলনামূলক কম চাহিদার সবজির কেজিও উঠেছে ৮০ টাকায়। যা নিম্নআয়ের মানুষের জন্য খুবই অস্বাভাবিক। এতদিন কমের মধ্যে থাকলেও আলুর দাম গত কয়েক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। মোটা দাগে দারুণ অস্বস্তি এখন সবজির বাজারে।

গত দু-তিন দিনের ব্যবধানে নতুন করে সবজির দাম আরও বেড়েছে। তাতে এখন বাজারে প্রতি কেজি বেগুন, পটল, মুলা, বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা, ঝিঙে, ধুন্দল, করলা, কাকরোল, বরবটি, ভেন্ডি, চিচিঙ্গা ৮০-১০০ টাকা, সজনে ১২০-১৪০ টাকায়।

বাজারে ২২০ টাকা কেজির কমে তেলাপিয়া বা পাঙ্গাস মাছও কিনতে পারছেন না ক্রেতারা। চাষের রুই-কাতলা বিক্রি হচ্ছে ৩২০-৩৫০ টাকায়। আর দেশি উন্মুক্ত জলাশয়ের শিং, টেংরা, বোয়াল খেতে গুনতে হচ্ছে কেজিপ্রতি ৮০০ টাকা পর্যন্ত।

বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকার মধ্যে। আর প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৪০ টাকা। এ ছাড়া গরুর মাংস ৮০০ টাকা ও খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। অর্থাৎ, এখন ব্রয়লার মুরগি, ডিম ও মাংসের দাম বছরের অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি।

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৩,/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit