ডেস্ক নিউজ : রাজধানীর রামপুরায় আম পাড়তে গিয়ে গাছ থেকে নিচে পড়ে মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার ওয়ার্ড কমিশনারের বাড়ির দারোয়ানের চাকরি করতেন।
আজ শুক্রবার (০৫ মে) বেলা সাড়ে ৩টার দিকে পূর্ব রামপুরা জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মোয়াজ্জেমের স্ত্রী সালমা বেগম জানান, তারা জামতলা হেলু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। পাশেই লিয়াকত কমিশনারের বাড়ির দারোয়ানের চাকরি করেন মোয়াজ্জেম। বিকেলে একই এলাকার এক বাড়িওয়ালি নারী মোয়াজ্জেমকে ডেকে নিয়ে যান গাছ থেকে আম পাড়ার জন্য। উঁচু গাছটিতে উঠে আম পাড়ার শেষ পর্যায়ে গাছ থেকে নিচে পড়ে যান তিনি। পাকা জায়গায় উপুর হয়ে পড়লে গুরুতর আঘাত পান। নাম মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রামপুরা থানা পুলিশকে জানানো হয়েছে।
নিহত মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন তিনি।
কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/বিকাল ৫:৩৭