ডেস্ক নিউজ : বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের ঘোষিত আগামীকাল শনিবারের ঢাকা-রংপুর লং মার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সরকার, প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দল ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঢাকা-রংপুর লং মার্চের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা সৃষ্টি করা না হয়। আর কোনো উসকানিতে পা না দিয়ে চরম ধৈর্য ও সংযমের সঙ্গে আমরা লং মার্চ সফল করবো।
গোলাম পরওয়ার বলেন, গত ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের লালদীঘি অভিমুখে লং মার্চে জনগণ, প্রশাসন, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী, যানবাহনসহ বিভিন্ন মহলের সহযোগিতা পাওয়া গেছে। বিশেষ করে গণমাধ্যমের কর্মীরা কষ্ট করে কর্মসূচির সংবাদ কাভার করেছেন। এজন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এই নেতা বলেন, ঢাকা থেকে রংপুর পর্যন্ত লং মার্চ সফল করতে গত কয়েকদিন ধরে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ে প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার রাতে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধাসহ বিভিন্ন এলাকার নেতাদের সঙ্গে অনলাইন বৈঠক করা হয়েছে। সেখানে পাওয়া তথ্যানুযায়ী, পথসভা ও জনসভাগুলো সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
জামায়াতের এ নেতা বলেন, লং মার্চে আগে ঘোষিত দাবিগুলোর সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও যুক্ত করা হয়েছে। উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের এ দাবির বিষয়ে সরকারকে দ্রুত কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, লং মার্চে প্রায় সহস্রাধিক যানবাহন যুক্ত হবে। বহরে ১১ দলের নেতাকর্মীদের পৃথকভাবে সাজানো হয়েছে এবং বিভিন্ন গ্রুপের জন্য দায়িত্বশীল লোক নির্ধারণ করা হয়েছে। শৃঙ্খলা, নিরাপত্তা, অভ্যর্থনা, চিকিৎসা, পরিবহন, আইটি, সাংস্কৃতিক ও মিডিয়াসহ বিভিন্ন টিম দায়িত্ব পালন করবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের গায়ে আঘাত এলেও আমরা কোনো প্রতিশোধ নেবো না। একটি আঘাত সহ্য করেও যদি লং মার্চ সফল করা যায়, সেটাকেই আমরা সার্থকতা মনে করবো।’
লং মার্চের কারণে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তির জন্য আগাম দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য ও যানবাহন চলাচলে কারও কিছুটা অসুবিধা হতে পারে। গণতান্ত্রিক আন্দোলনের স্বার্থে জনগণ অতীতেও এ ধরনের কষ্ট সহ্য করেছে।
গণমাধ্যমকর্মীদের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, লং মার্চ কাভার করতে আসা সাংবাদিকদের চলাচল, ছবি ধারণ ও সরাসরি সম্প্রচারে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, সে বিষয়ে শৃঙ্খলা ও নিরাপত্তা টিমকে নির্দেশনা দেওয়া হয়েছে।
কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:১৩