স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসের দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছিল ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান। সেখান থেকে অধিনায়ক সাউদির টি-টোয়েন্টিসুলভ ব্যাটিংয়ের অপর ভর করে শেষ পর্যন্ত ২০৯ রানে থাকে কিউইদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন সাউদি। এই রান করতে কিউই অধিনায়ক হাঁকিয়েছেন ছয়টি ছক্কা, পেছনে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনিকে।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট পেয়েছেন ব্রড। এছাড়াও তিনটি করে উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন ও লিচ। ফলোঅনে পরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ একটা শুরু এনে দেন কনওয়ে এবং ল্যাথাম। তাদের প্রথম জুটি থেকে আসে ১৪৯ রান। কনওয়ে ৬১ এবং ল্যাথাম ৮৩ রান করে আউট হন।
এরপর ১৮ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও, সেই চাপ সামলে নেন কেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলস। দিন শেষে দুই জন অপরাজিত আছেন যথাক্রমে ২৫ ও ১৮ রানে। আর দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ২০২ রান। তবে ইংল্যান্ড থেকে এখনও তারা পিছিয়ে আছে ২৪ রানে। অভিজ্ঞ এই দুই ব্যাটারের দিকে তাকিয়ে থাকবে কিউই সমর্থকরা। চতুর্থ দিনে এই দুই ব্যাটসম্যান থিতু হয়ে খেলতে পারলে হয়তো দ্বিতীয় টেস্টে বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিউজিল্যান্ডের।
কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৪৫