আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহের হার কমেছে ৭৪ শতংশ। নিরাপত্তা বাহিনীর ওপর হামলা কমেছে ৬০ শতাংশ। আর বেসামরিক নাগরিক নিহতের হার কমেছে প্রায় ৯০ শতাংশ। এসব তথ্য দিয়েছেন দেশটির কেন্দ্রীয় উন্নয়নবিষয়ক মন্ত্রী জি কিষাণ রেড্ডি। খবর এনডিটিভির।
এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন জি কিষাণ রেড্ডি। তিনি বলেন, বিদ্রোহ ছেড়ে এ অঞ্চলের প্রায় আট হাজার যুবক সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন ভারত সরকারের অন্যতম প্রথম এবং প্রধান লক্ষ্য। শেষ আট বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অঞ্চলে ৫০ বারেরও বেশি সফর করেছেন। সেই সঙ্গে ৭৪ মন্ত্রী ৪০০ বারের বেশি এখানে সফর করেছেন।
‘বোমা হামলা, বিদ্রোহ, দাঙ্গা আর মারামারির জন্য একসময় কুখ্যাত ছিল এই উত্তর-পূর্বাঞ্চল। কিন্ত গত আট বছরে শান্তির প্রতীকে রূপান্তরের জন্য সব কিছু করা হয়েছে’, বলেন কিষাণ রেড্ডি।
ত্রিপুরার বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের সঙ্গে ২০১৯ সালে শান্তিচুক্তি করা হয়েছে। কারবি কমিউনিটির সঙ্গে ২০২১ সালে এবং ব্রু কমিউনিটির সঙ্গে ২০২০ সালে শান্তিচুক্তি করা হয়েছে। এসব চুক্তির কারণে এ অঞ্চলে এখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়েছে, এমন দাবি করেন কিষাণ রেড্ডি।
জি কিষাণ রেড্ডি বলেন, ২০১৪ সালের পর এই অঞ্চলের জন্য প্রায় চার লাখ কোটি টাকা ব্যয় করা হয়েছে।
কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:১৭