স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ব্রাজিল দলের জন্য দু:সংবাদ। দল থেকে ছিটকে পড়েছেন প্রধান তারকা নেইমার। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় প্রথম রাউন্ড খেলা হচ্ছে না তার। এমনকি পরের রাউন্ডে তার দেখা পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে। শুধু তাই নয়, ইনজুরিতে পড়েছেন ডিফেন্ডার দানিলোও। তাই দ্বিতীয় ম্যাচের আগে কোচ তিতেকে ভাবনায় পড়তে হচ্ছে বিকল্প নিয়ে।
এমতাবস্থায় আজ রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে ব্রাজিল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বারবার এসেছে নেইমার প্রসঙ্গ। উত্তর দিয়েছেন কোচ তিতে, ডিফেন্ডার মার্কিনিয়োস। নেইমার না থাকায় সুইজারল্যান্ডের বিপক্ষে এই পজিশনে রদ্রিগো গোয়েজকে নিয়ে চিন্তা করা হচ্ছে। এর আগে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি রদ্রিগোকে চলতি বিভিন্ন পজিশনে খেলিয়ে সাফল্য পেয়েছেন। নেইমারের পজিশনে রদ্রিগোকে রেখে সার্বিয়া ম্যাচের মতো ছকেই একাদশ সাজাতে পারেন তিতে।
ইনজুরিতে পড়া রাইটব্যাক দানিলোর জায়গায় খেলানো হতে পারে এদের মিলিতাও অথবা দানি আলভেসকে। ৩৯ বছর বয়সি দানি আলভেস সুইজারল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলানোর ঝুঁকি তিতে নেবেন কিনা সেটি নিয়েও সংশয় আছে। সে জন্য মিডফিল্ডার লুকাস পাকুয়েতার জায়গায় ফ্রেডকে খেলানো হতেও পারে।
মিডফিল্ডার ব্রুনো গিমারেজও একাদশে স্থান পেতেও পারেন। ব্রাজিলের নিয়মিত মিডফিল্ডারদের মধ্যে সবচেয়ে ফর্মে থেকে বিশ্বকাপে এসেছেন ব্রুনো। সেন্ট্রাল ডিফেন্সে কাসেমিরোর পাশে বাঁ-পায়ের মিডফিল্ডার হওয়ায় ফ্রেড কিছুটা এগিয়ে। তবে ব্রুনোকে নামানোর সম্ভাবনাও থাকছে। এর বাইরে অন্য অপশন হিসেবে আছেন গ্যাব্রিয়েল জেসুসও।
কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮