ডেস্ক নিউজ : যশোর থেকে কক্সবাজার রুটে আগামী ৩০ নভেম্বর থেকে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে নভোএয়ার। একই সঙ্গে কক্সবাজারে তিন রাতের ‘ফ্রি হোটেল প্যাকেজ’ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। সরাসরি ফ্লাইটটি যশোর থেকে প্রতি সপ্তাহের বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে ছেড়ে কক্সবাজারে দুপুর ১২টা ৫৫ মিনিটে পৌঁছাবে। কক্সবাজার থেকে প্রতি সপ্তাহে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ছেড়ে যশোরে সকাল ১১টায় পৌঁছাবে। এই রুটে ওয়ানওয়ের সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে ভ্রমনপিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাতের ফ্রি হোটেল অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। অফারটি উপভোগ করতে দুইজনের কক্সবাজার থেকে যশোরের রিটার্ন টিকেটও কিনতে হবে। এই অফারে দুইজনের কক্সবাজার যাওয়া-আসা এবং তিন রাত হোটেলে ফ্রি থাকার সুবিধা রয়েছে।
ভ্রমণপিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের ৬টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে। হোটেলগুলোর মধ্যে রয়েছে সিগাল হোটেল, লং বিচ হোটেল, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সী প্যালেস। নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, সিলেট, যশোর এবং কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।
কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২৪