ডেস্ক নিউজ : রজার ফেদেরার টেনিসটাকে যতটা সুরভিত করে রাখতে পেরেছেন, তা পারেননি আর কেউ। সৌন্দর্য আর সাফল্য এত অনুপমভাবেও ধরা দেয়নি আর কারো র্যাকেটে। সেই ফেদেরারকে আর টেনিস কোর্টে দেখা যাবে না, অমোঘ সেই সময়টা চলেই এলো। এ মাসেরই লেভার কাপ শেষে যে অবসরে যাচ্ছেন ২০ গ্র্যান্ড স্লামের মালিক।
গতকাল টুইটারে এই বিদায়ি বার্তা ছড়িয়ে দিয়েছেন সুইস তারকা, ‘আমার শরীরটা বলছে এখনই সময়। ২৪ বছরে এক হাজার ৫০০-এর ওপর ম্যাচ খেলেছি। আমি নিশ্চিত জানি, কখন বিদায় বলতে হবে। এটা এক অম্লমধুর সময়। প্রিয় আঙিনাটা ছেড়ে যাচ্ছি; কিন্তু অসংখ্য আনন্দঘন মূহূর্ত আমার সঙ্গী। ’ ১৯৯৮ সালে ১৬ বছর বয়সে টেনিসের পেশাদার জগতে নাম লেখানো ফেদেরার ২০০৩ সালে জেতেন তাঁর প্রথম গ্র্যান্ড স্লাম। এরপর একে একে ২০টি। সর্বশেষটি ২০১৮-এর অস্ট্রেলিয়ান ওপেনে। ওপেন যুগে তাঁর চেয়ে বেশি বয়সে এককের শিরোপা জিতেছেন আর মাত্র একজনই। সেই ফেদেরার ৪১-এ এসে বলছেন, ‘এবার যাই। ’
এই শতাব্দীর টেনিসে রং ছড়িয়ে ছিলেন তিনি এতটাই যে তাঁর না থাকাটা হবে ভিন্ন এক যুগ। রাফায়েল নাদালের সঙ্গে প্রায় অমর এক দ্বৈরথ উপহার দিয়ে গেছেন তিনি এই সময়ের টেনিসপ্রেমীদের। এই সময়েই উঠে এসেছেন নোভাক জোকোভিচের মতো তারকা। শিরোপা সংখ্যায় এই দুজনই শুধু ফেদেরারকে ছাড়াতে পেরেছেন। ‘ফেডেক্স’ সেই লড়াইয়েও ইস্তফা দিলেন। ‘আমি ভাগ্যবান যে টেনিসের বিশেষ প্রতিভা নিয়ে আমি জন্মেছিলাম। তাতেও এই পর্যায়ে আমি বিচরণ করব, কখনো ভাবতে পারিনি। ’—লিখেছেন ফেদেরার।
ছেলেদের টেনিসের স্বর্ণযুগ বলা হয় ফেদেরার, নাদাল, জোকোভিচের এই সময়টাকে। বিদায়ে সেই প্রতিপক্ষদেরও স্মরণ করেছেন, ‘ক্যারিয়ারে অনেক অনবদ্য ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার। আমি খেলেছি হৃদয় দিয়ে। নিজের সেরাটা নিংড়ে দিয়েছি। প্রতিপক্ষ হিসেবে একে অন্যকে আরো এগিয়ে দিয়েছি। তাতে টেনিসটাও উঠে গেছে নতুন উচ্চতায়। ’ ফেদেরারকে তাই কখনো ভুলবে না এই আঙিনা।
কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০