রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

কাউন্টারে মাজিয়াবধের কৌশল কিংসের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : অস্কার ব্রুজোন ‘আন্ডারডগ’ হয়ে এএফসি কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন। মাজিয়া স্পোর্টসের বিপক্ষে আজ স্বপ্নযাত্রার শুরুটা জয়ে রাঙাতে পারলে সহজ হয়ে যায় বাকি পথও। গতবার মালেতে গিয়ে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসকে হারিয়ে শুরু করেছিল বসুন্ধরা কিংস। এবারও প্রত্যাশা সেরকম, তবে এই দলকে আগের চেয়ে শক্তিশালী মানছেন কিংস কোচ অস্কার ব্রুজোন, ‘গতবারের চেয়ে এবারের মাজিয়া অনেক শক্তিশালী।

তাই প্রথম ম্যাচটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ’ সত্যিই এবার প্রতিপক্ষের শক্তি খানিকটা বেশি, মালদ্বীপের লিগে তারা ১২ ম্যাচের একটিতে হেরেছে মাত্র। তাদের সার্বিয়ান কোচ মিউদ্রাগ জেসিচও আগে কী হয়েছিল সেগুলো নিয়ে পড়ে থাকতে চান না, ‘আগে যা হয়েছিল সব ইতিহাস, এখন সামনের দিকে এগোতে চাই আমরা। কোনো চাপ ছাড়া আমরা এই টুর্নামেন্ট খেলতে এসেছি এবং নিজেদের সেরা ফর্ম দেখাতে চাই। ’

সেদিক থেকে দেখলে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে আজ বাংলাদেশ-মালদ্বীপের দুই সেরার লড়াই হবে। এই লড়াইয়ে কেউ কেউ কিংসকে এগিয়ে রাখতে চাইলেও তাদের কোচ বলছেন অন্য কথা, ‘অনেকেই ভাবছে কিংস ফেভারিট। তবে আমি এই ধারণার পক্ষপাতী নই, ফেভারিট ভেবে খেলা শুরু করলে আমরা এগোতে পারব না। আমি এখানে আন্ডারডগ হিসেবে খেলতে পছন্দ করি। ’ অর্থাৎ গতবার মাজিয়ার বিপক্ষে ২-০ গোলে তারা জিতেছিল বলে এবারও তা-ই হবে, এ রকম ভেবে রাখার কোনো সুযোগ নেই। মাঠে ভালো খেলে, নিজেদের সেরাটা দিয়ে রোবিনহো-তারিকদের শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। সেই সামর্থ্যও তাঁদের আছে। বিশেষ করে ফরোয়ার্ড লাইনে গোলের কারিগর হয়ে আছেন রবসন রোবিনহো। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে গড়ে উঠেছে নতুন যোগ হওয়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগেইরার গোলের জুটি। এই জুটিতেই তারা শেষ কয়েকটি ম্যাচ উতরে গেছে ঘরোয়া লিগে। তবে প্রত্যাশিত গোল মিলছে না নুহা মারংয়ে। তাঁর একটু চোটও ছিল। সেটা সারিয়ে গতকাল ট্রেনিংয়ে নাকি দারুণ খেলেছেন এই গাম্বিয়ান স্ট্রাইকার। এটা দেখে চোখ রাঙিয়ে গেছে কিংস কোচিং স্টাফের। ওই খেলা আজ ম্যাচে দেখাতে পারলে মাজিয়ার রক্ষণভাগের কাজটা কঠিন হবে।

তবে নিজেদের রক্ষণভাগ নিয়েও অস্কারের কিছুটা দুশ্চিন্তা আছে বৈকি। তাঁর সেরা ডিফেন্ডার তপু বর্মন ইনজুরিতে ছিটকে যাওয়ার পর কোচ বিভিন্ন কম্বিনেশনে রক্ষণ সাজিয়ে পরখ করেছেন। সেখানে ‘সব কাজের কাজি’ তারিক কাজীই অন্যতম ভরসার, তিনি খেলতে পারেন কয়েকটা পজিশনে। মাজিয়ার বিপক্ষে তাঁকে দেখা যেতে পারে রাইট ব্যাকে আর বিশ্বনাথ খেলবেন সেন্টার ব্যাক পজিশনে। সেখানে সঙ্গী অভিজ্ঞ ইরানি ডিফেন্ডার খালিদ শাফি। এই রক্ষণভাগ আগলে ‘বিগ ম্যাচ’ খেলতে পছন্দ করেন অস্কার। পাগলের মতো আক্রমণে উঠে কাউন্টারে গোল খেয়ে চাপে ফেলতে চান না দলকে। এই কৌশল দেখা গেছে এএফসি কাপের গত মিশনেও, হয়তো দেখা যাবে এবারও। তাঁর যেহেতু ফিনিশার আছে, তাই উল্টো কাউন্টারে খেলবেন গোলের খেলা। তা ছাড়া গত দুই মিশনে এএফসি কাপে হারের রেকর্ড নেই কিংসের। এই গৌরবও অক্ষুণ্ন রাখতে চান স্প্যানিশ কোচ। তাঁর অধিনায়ক রবসন রোবিনহোও মনে করছেন, ‘এই টুর্নামেন্টে পার্থক্য তৈরি হবে ন্যূনতম ব্যবধানে। ’ দুজনের কথা এক করলে দাঁড়ায়—কাউন্টারে মাজিয়াবধের কৌশল কিংসের।

 

 

কিউএনবি/আয়শা/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit