সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

‘প্রাণীর চিকিৎসায় প্রান্তিক খামারিদের কাছে যাবে ভেটেরিনারি ক্লিনিক’

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৩ Time View

 

ডেস্ক নিউজ : মোবাইল ভেটেরিনারি ক্লিনিক দেশের প্রাণিসম্পদ খাতে নতুন অধ্যায়ের সূচনা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ বুধবার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে অধিদপ্তর কর্তৃক প্রান্তিক খামারিদের জরুরি প্রাণিচিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. আব্দুর রহিম। মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের সারসংক্ষেপ উপস্থাপন করেন প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো. গোলাম রব্বানী।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, মো. তৌফিকুল আরিফ ও এস এম ফেরদৌস আলম, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক শেফাউল করিম, বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন, এসিআই অ্যাগ্রোবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক, ড. এফ এইচ আনসারী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী বলেন, আগে প্রাণীকে নিয়ে যেতে হতো ডাক্তারের কাছে, এখন ডাক্তার চলে যাবে প্রাণীর কাছে। শেখ হাসিনার উপহার, প্রাণীর কাছে ডাক্তার। দেশের ইতিহাসে  মোবাইল ভেটেরিনারি ক্লিনিক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায়। তিনি বিশ্বাস করেন, সব জীবের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।

মন্ত্রী আরো বলেন, প্রাণীর তাৎক্ষণিক চিকিৎসায় আমরা প্রান্তিক খামারিদের কাছে ভেটেরিনারি ক্লিনিক পৌঁছে দিচ্ছি। প্রথম পর্যায়ে আজ ৬১টি উপজেলায় ৬১টি ক্লিনিক বিতরণ করা হচ্ছে। পরবর্তী ধাপে আরো ১৮০টি ভেটেরিনারি ক্লিনিক বিতরণ করা হবে। শেষ ধাপে আরো ১১৯টি ক্লিনিক বিতরণ করা হবে। ৬১টি জেলায় মোট ৩৬০টি মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বিতরণ করা হবে। পর্যায়ক্রমে যেখানে পশু-পাখির চিকিৎসা প্রয়োজন, সেখানে আমরা মোবাইল ভেটেরিনারি ক্লিনিক পৌঁছে দেব। পশু-পাখির চিকিৎসায় সব আধুনিক মেডিক্যাল সুবিধা এ ভ্রাম্যমাণ ক্লিনিকে থাকবে।

প্রধান অতিথি আরো বলেন, প্রাণী স্বাস্থ্যের সঙ্গে মানুষের স্বাস্থ্য সম্পৃক্ত। পশু-পাখির অসুস্থতা থেকে জীবাণু আমাদের অজান্তে শরীরে প্রবেশ করতে পারে। সে জন্য ‘ওয়ান হেলথ’-এর কথা ভাবলে পশু-পাখিকে অসুস্থ রেখে আমরা ভালো থাকলে হবে না। আবার পশু-পাখিকে ভালো রেখে আমরা খারাপ থাকলেও হবে না। কারণ অনেক পশু-পাখিই মানুষের সংস্পর্শে আসে, মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকে। এ জন্য প্রাণীদের ভালো রাখা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। আমরা চাই নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে। সে কারণে আমরা প্রাণীর চিকিৎসায় মোবাইল ক্লিনিকের উদ্যোগ নিয়েছি। এ উদ্যোগের কারণে প্রাণিসম্পদ খাতে একটা বৈপ্লবিক পরিবর্তন হবে।

‘আমাদের অর্থনীতির চাকা গতিশীল করা, বেকারত্ব দূর করা, উদ্যোক্তা তৈরি করা এবং পুষ্টি-আমিষের চাহিদা মেটানোর ক্ষেত্রে প্রাণিসম্পদ খাত আমূল পরিবর্তন নিয়ে এসেছে। এ গুরুত্বপূর্ণ খাতটি একসময় নানাভাবে অবহেলিত ছিল। বর্তমান সরকার এ খাতকে গুরুত্ব দিচ্ছে, পৃষ্ঠপোষকতা দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, এ খাতকে এগিয়ে নিতে হবে জাতিকে এগিয়ে নেওয়ার সঙ্গে তাল মিলিয়ে। ‘ যোগ করেন মন্ত্রী।

 

 

কিউএনবি/আয়শা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit