আন্তর্জাতিক ডেস্ক : লোকসভার আসনসংখ্যা বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য ও সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সংসদ সদস্য শশী তারুর। তার আশঙ্কা, আসন পুনর্বিন্যাসের নামে নির্বাচনী মানচিত্র এমনভাবে বদলে দেওয়া হতে পারে, যাতে রাজনৈতিকভাবে সুবিধা পায় বিজেপি।
ঝাড়খণ্ডের জামশেদপুরে এক অনুষ্ঠানে তারুর বলেন, বর্তমানে প্রায় ৫৪০ জন সংসদ সদস্য নিয়েই সংসদের কাজ চালানো কঠিন হয়ে পড়ছে। সেখানে সদস্যসংখ্যা আরও বাড়ানো হলে প্রত্যেকের কথা বলার সুযোগ কতটা থাকবে, তা নিয়ে সংশয় রয়েছে। তার কটাক্ষ, এত বিপুল সদস্য থাকলে অনেকে হয়তো সংসদে শুধু হাততালি দেওয়ার কাজই করবেন।
আগামী সোমবার শুরু হতে যাওয়া বিশেষ অধিবেশনে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল আসতে পারে। প্রস্তাবে লোকসভার আসন ৫৪৩ থেকে ৮৫০ এবং রাজ্য বিধানসভার আসন ৫০০ থেকে ৬৫০ করার কথা বলা হয়েছে। নারী আসন সংরক্ষণ কার্যকর করতেই এই উদ্যোগ বলে কেন্দ্রের দাবি।
কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ৯:৪৪