রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত পাকা ধান, বিপাকে চাষিরা যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত দেশ’, শর্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা হারিয়েছে: ইরান ইসরাইল নীতিতে রাহুলের সুরে নড়বড়ে ভারত জোট? আ.লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল: খন্দকার মারুফ মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য লুট শার্শায় তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শেনজেনে ট্রাম্পের লক্ষ্য অধরা ডাকসু ভিপি সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্তে ৯ ইস্যুতে নজর

ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য লুট

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ২ কোটি ২০ লাখ ডলারের বেশি মূল্যের পণ্য লুটের অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির বিচার বিভাগ। ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত অন্তত ৩৬টি ট্রেনে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। চুরি করা পণ্যের মধ্যে ছিল হাজার হাজার জোড়া নাইকি জুতা ও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি বিল এসাইলি এ ঘটনাকে ‘বিস্ময়কর মাত্রার চুরি’ বলে উল্লেখ করেছেন।

অভিযোগপত্র অনুযায়ী, ‘লোস ত্রেনেস’ নামে পরিচিত এই চক্রের নেতৃত্বে ছিলেন ২১ বছর বয়সী নাথান ড্যানিয়েল অ্যাঞ্জেল। তার বাবা ও দুই চাচাসহ চক্রের কয়েকজন সদস্য চলন্ত মালবাহী ট্রেনে উঠে পড়তেন। তাদের কেউ নজরদারির দায়িত্ব পালন করতেন, আর অন্যরা ট্রেনের বাতাস চলাচলের পাইপ কেটে দিতেন। এতে বায়ুচাপ কমে ট্রেনটি জরুরি ভিত্তিতে থেমে যেতে বাধ্য হতো।

ট্রেন থেমে যাওয়ার পর চক্রের অন্য সদস্যরা সেখানে গিয়ে পণ্য লুট করে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বাড়িতে মজুত করতেন বলে অভিযোগ করেছেন কৌঁসুলিরা। ট্রেনের এয়ার হোস কেটে দেওয়ার কারণে দুর্ঘটনা ও ট্রেন লাইনচ্যুত হওয়ার ঝুঁকিও তৈরি হতো।

আদালতের নথিতে সংযুক্ত ২০২৪ সালের ফেব্রুয়ারির একটি ছবিতে নাথান অ্যাঞ্জেলকে নাইকির পণ্যভর্তি কয়েকটি বাক্সের সামনে সেলফি তুলতে দেখা যায়। অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের অক্টোবরে ২৭ বছর বয়সী ডোন্টা হেজম্যান চলন্ত একটি নাইকি পণ্যবাহী ট্রেনের কনটেইনারের তালা করাত দিয়ে কেটে ফেলেন। ২০২৫ সালে চুরির ঘটনা আরও বেড়ে যায়। ওই বছরের ২৯ এপ্রিল চক্রটি মিলওয়াকি টুলের ১ হাজার ১৭০টি যন্ত্রপাতি এবং ১৭ হাজার যন্ত্রাংশ লুট করে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চক্রটির বিষয়ে খোঁজখবর শুরু করেছিল বলে অভিযোগপত্রে উঠে এসেছে। ২০২৫ সালের ১৭ এপ্রিল চক্রের এক অজ্ঞাত সহযোগী কার্লোস লুইস ফার্নান্দো মার্তিনেজকে বার্তা দিয়ে জানান, চোরাই পণ্য গ্রহণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানতে চাইছে, তিনি কার কাছ থেকে পণ্যগুলো পেয়েছেন। জবাবে মার্তিনেজ তাকে এনক্রিপ্টেড বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যালের মাধ্যমে যোগাযোগ করতে বলেন।

২০২৫ সালের শেষ দিকে চক্রটির কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য কেনা একটি প্রতিষ্ঠানের ওপর পুলিশের নজরদারির ইঙ্গিতও পাওয়া যায়। তখন মার্তিনেজকে এক সহযোগী সতর্ক করে লিখেছিলেন, তদন্ত গভীরে গেলে তাদের বিপদ হতে পারে।

২০২৬ সালের ১৬ জানুয়ারি নাথান অ্যাঞ্জেল ও ২৫ বছর বয়সী ফ্রেডি মারকিনা এক সহযোগীকে পুলিশ আটক করেছে বলে বার্তা আদান-প্রদান করেন। এরপরও চুরির ঘটনা থামেনি। ২০২৬ সালের জুলাইয়ে ২৪ বছর বয়সী অ্যাঞ্জেল সানচেজ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ছবি শেয়ার করেন। ছবিটিতে মুখোশধারী কয়েকজনকে বার্লিংটন নর্দার্ন সান্তা ফে রেলওয়ের একটি ট্রেন থেকে নাইকির জুতা বিলাসবহুল গাড়িতে ছুড়ে ফেলতে দেখা যায়। গাড়িগুলোতে ‘লোস ত্রেনেস’ লেখা ছিল এবং ওপরে একটি হেলিকপ্টার থেকে সার্চলাইট ফেলা হচ্ছিল।

চক্রটির বিরুদ্ধে আনা ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হলে সদস্যদের কমপক্ষে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। আন্তঃরাজ্য রেলপথে চুরির অভিযোগে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। আর রেল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।

যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা জানিয়েছেন, ১৪ মাসের তদন্তের পর এ সপ্তাহে এই বড় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হকম্যান বলেন, গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থা সুরক্ষিত রাখা এবং পণ্যগুলো যেন কালোবাজারের পরিবর্তে নির্ধারিত গন্তব্যে পৌঁছায়, তা নিশ্চিত করতে তারা কাজ করছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit