আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করছে ইরান। লক্ষ্যবস্তু হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। সম্প্রতি পাওয়া মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে এ দাবি করেছে সিএনএন।
সাত মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ইরান সত্যিই এ ধরনের হামলা চালাতে সক্ষম কি না কিংবা হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।
গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত সূত্রগুলো বলছে, আপাতত ইরান নিজেদের হাতে বিভিন্ন বিকল্প রাখার চেষ্টা করছে। এর অর্থ এই নয় যে হামলা আসন্ন। তবে পরিকল্পনায় নির্দিষ্ট কিছু স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ থাকায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা সম্ভাব্য হামলা মোকাবিলায় জরুরি প্রস্তুতি নিচ্ছে।
হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছে। তবে এই মুহূর্তে দেশের অভ্যন্তরে কোনো বিশ্বাসযোগ্য হামলার হুমকি নেই।
মার্কিন কর্মকর্তাদের ধারণা, দেশটির ওপর চলমান সামরিক হামলা এবং কঠোর অর্থনৈতিক অবরোধের মুখে ইরান সংঘাতকে আরও বিস্তৃত করার কথা ভাবছে। তবে হামলা বাস্তবায়নের মতো লোকবল ও সক্ষমতা ইরানের রয়েছে কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে।
গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রে হামলা চালানোর মতো লোকজন ইরানের প্রস্তুত রয়েছে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। কিন্তু কী এই ডার্টি বোমা?ডার্টি বোমা পারমাণবিক বোমা নয়। এতে প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করা হয়। বিস্ফোরণের মাধ্যমে এসব পদার্থ আশপাশের এলাকায় ছড়িয়ে দেওয়া হয়।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বোমায় অধিকাংশ প্রাণহানির কারণ হতে পারে মূল বিস্ফোরণ, তেজস্ক্রিয়তা নয়। তবে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ায় বিস্তীর্ণ এলাকা দূষিত হতে পারে এবং মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, এ ধরনের হামলার জন্য ইরানের প্রশিক্ষিত সদস্যদের যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রয়োজন নাও হতে পারে। দেশটিতে আগে থেকেই অবস্থান করা কাউকে ব্যবহার করেও হামলা চালানো সম্ভব।
একটি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রে বোমা তৈরির উপকরণ মজুত রাখার বিষয়ে ইরানের কথাবার্তা মার্কিন গোয়েন্দাদের নজরে এসেছে। তবে এ তথ্য কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। অন্যদিকে, জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে অবৈধ মনে করে ইরান এবং এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর ইরানের সম্ভাব্য রাসায়নিক অস্ত্র হামলার আশঙ্কাও পর্যবেক্ষণ করছেন। এ বিষয়ে নিউইয়র্ক টাইমসও আগে প্রতিবেদন প্রকাশ করেছে।
মার্কিন কর্মকর্তাদের কয়েকজনের দাবি, এ ধরনের হামলা মোকাবিলায় সেনাদের পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ও প্রশিক্ষণ নেই। ফলে ওই অঞ্চলে কূটনৈতিক ও গোয়েন্দা কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/রাত ৮:১২