ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। সোমবার এ ঘোষণা দিয়েছে সংস্থাটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি প্রকল্পে সহায়তার মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখে। এসব প্রকল্প যুক্তরাষ্ট্রের মিত্রদের শক্তিশালী করার পাশাপাশি এ অঞ্চলের সার্বভৌমত্ব সুরক্ষায় সহায়তা করে। বাংলাদেশের এ নতুন যোগ্যতা বেসরকারি বিনিয়োগ কাজে লাগিয়ে দেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে ডিএফসির জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
ডিএফসি জানিয়েছে, অর্থায়ন ও ঝুঁকি প্রশমনসংক্রান্ত বিভিন্ন সুবিধায় বাংলাদেশের প্রবেশাধিকার বাড়লে গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণ এবং অর্থায়ন সংকটে থাকা প্রকল্পগুলো এগিয়ে নেওয়া সহজ হবে। এসব বিনিয়োগ গুরুত্বপূর্ণ অবকাঠামো গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধায় মানুষের প্রবেশাধিকার বাড়ানো এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানকে শক্তিশালী করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।
সংস্থাটি বলছে, বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্পগুলো অর্থায়নের সীমাবদ্ধতা কিংবা সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীদের অনাগ্রহের মুখে পড়তে পারে। এ ধরনের বাধা কাটিয়ে প্রকল্পগুলো বাস্তবায়নে ডিএফসির সহায়তা গুরুত্বপূর্ণ।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, ‘ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করা এবং প্রবৃদ্ধিতে অবদান রাখবে—এমন বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এগিয়ে নেওয়া সম্ভব।’
বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্যের প্রসারে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, ‘পারস্পরিক বাণিজ্য চুক্তি এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তার বিষয়ে আমাদের প্রকাশ্য অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে উভয় দেশের সমৃদ্ধি আরও বাড়বে।’
বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস এবং দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থান ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। ফলে এ অঞ্চল যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
ডিএফসি জানিয়েছে, মুক্তবাজার অর্থনীতির নীতির ভিত্তিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব শক্তিশালী করতে বেসরকারি পুঁজি কাজে লাগানোর পাশাপাশি এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়াতে সংস্থাটি কাজ করছে।
কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৬,/রাত ৯:৫৩