জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে করলিয়া প্রকল্পের আওতায় সুপেয় পানির পাম্প স্থাপন, সেচের পানি সরবরাহ, টেইলারিং প্রশিক্ষণ কেন্দ্র এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর ত্রিপুরাপাড়ায় সুপেয় পানির সাবমার্সিবল পাম্প স্থাপন এবং গোমতি ইউনিয়নের মালেক মাস্টারপাড়ায় নারী জলবায়ু সহনশীল কমিটির সদস্যদের জন্য সেচ সুবিধা, টেইলারিং প্রশিক্ষণ কেন্দ্র ও কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
কানাডার বৈশ্বিক বিষয়ক বিভাগের (জিএসি) অর্থায়নে এবং করলিয়া প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এসব কার্যক্রম বাস্তবায়ন করছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) পরিচালিত চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে প্রতিবেশব্যবস্থা পুনরুদ্ধার ও সহনশীল উন্নয়ন (ইআরআরডি-সিএইচটি) কর্মসূচির আওতায় এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, গোমতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ফজল ভূঁইয়া, সদস্যসচিব মনজুর মোর্শেদ, গোমতি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা দেবাশীষ চাকমা, উপজেলা ক্লাইমেট রেজিলিয়েন্স ফ্যাসিলিটেটর মো. কোরবান আলীসহ সংশ্লিষ্ট কমিটির সদস্য ও উপকারভোগীরা।
প্রকল্প সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর ত্রিপুরাপাড়ায় সুপেয় পানির প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৭৪৬ টাকা। অন্যদিকে গোমতি ইউনিয়নের মালেক মাস্টারপাড়ায় টেইলারিং প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৪২ হাজার টাকা। এসব কার্যক্রমের মাধ্যমে স্থানীয় নারীদের কর্মসংস্থান, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে ইতিবাচক পরিবর্তন আসবে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ সুপেয় পানি মানুষের মৌলিক অধিকার। পাশাপাশি নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা নিজেরাই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।
কৃষি যন্ত্রপাতি ও সেচ সুবিধা কৃষকদের উৎপাদন বৃদ্ধিতেও সহায়ক হবে। এসব সুবিধা যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণের মাধ্যমে প্রকল্পের সুফল দীর্ঘস্থায়ী করতে হবে। তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর এ ধরনের সহযোগিতা পাহাড়ের প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।