জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমাম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব মো. জামাল উদ্দিন জালাল, সদস্য মো. গিয়াস উদ্দিন, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক, মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উপজেলা পর্যায়ের দল বাছাই পর্বের উদ্বোধনী ক্রিকেট ম্যাচে তাইন্দং ইউনিয়ন ও গোমতি ইউনিয়নের দল অংশ নেয়। এ ম্যাচের বিজয়ী দলের সঙ্গে পরবর্তী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে মাটিরাঙ্গা পৌরসভা দল। উপজেলা পর্যায়ে সপ্তাহব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিসসহ মোট ১০টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত মনোভাব গড়ে তোলে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।
নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে একজন খেলোয়াড় দেশ-বিদেশে নিজের এলাকার সুনাম বয়ে আনতে পারে। এ ধরনের আয়োজনের মাধ্যমে মাটিরাঙ্গা থেকে দক্ষ ও সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি হবে বলে আমি আশাবাদী। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব খেলোয়াড়কে আন্তরিক অভিনন্দন জানান এবং খেলাধুলার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে প্রতিযোগিতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।