এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পিক-আপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত ও দুইজন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার চৌগাছা মহেশপুর সড়কের ফাঁসতলা বাজার নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত জুবায়ের হোসেন (১৫) উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আব্দুল আলিম দফাদারের ছেলে। আহতরা হলেন একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে লিখন হোসেন (১৫) ও অসিম উদ্দীনের ছেলে ফাহিম হাসান (১৫)। তারা তিনজন চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার খুব সকালে চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির তিন ছাত্র জুবায়ের হোসন, লিখন হোসেন ও ফাহিম হাসান একটি পালসার মোটরসাইকেলযোগে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় ফাঁসতলা বাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক জুবায়ের হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত দুই জনের অবস্থা গুরুতর না হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুরাইয়া পারভীন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৬,/দুপুর ১:৩৬