ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় আটক বাবাকে খাবার দিতে গিয়ে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে টাকা দাবির পর মারধর করে ছেলের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযোগটি অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা।
রবিবার বিকেলে আড়াইহাজার থানায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আরমান হোসেন। তিনি উপজেলার গহরদী এলাকার আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরমানের অভিযোগ, থানায় খাবার দিতে গেলে এসআই রুহুল আমিন তার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে থানার ভেতরে মারধর করা হয়। একপর্যায়ে মারধরের কারণে তার বাম পা ভেঙে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, একটি হত্যা মামলাকে কেন্দ্র করে আনোয়ার হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলছিল। ওই মামলায় দেলোয়ারসহ কয়েকজন আসামি রয়েছেন। মামলার একপর্যায়ে আসামিদের একজন উচ্চ আদালত থেকে জামিন পান। পরে দেলোয়ার আটক হলে তার স্বজনদের কাছে বিভিন্নভাবে টাকা দাবি করা হয় বলে অভিযোগ পরিবারের।
পরিবারের দাবি, দেলোয়ার আটকের পর থেকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন আসামিদের স্বজনদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন। একপর্যায়ে তিন দফায় মোট ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে বলেও দাবি পরিবারের।
এর মধ্যে গত শুক্রবার আনোয়ার হোসেনকে আটক করা হয়। পরিবারের সদস্যরা জানান, ওই দিন দুপুর আনুমানিক ৩টার দিকে বাবাকে খাবার দিতে আড়াইহাজার থানায় যান তার ছেলে আরমান। এ সময় এসআই রুহুল আমিন আবারও টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আরমান হোসেন বলেন, ‘থানায় টাকার জন্য আমাকে মেরে পা ভেঙে দেওয়া হয়েছে। এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। পরে পুরো ঘটনা বলব।’
তবে অভিযোগ অস্বীকার করে এসআই রুহুল আমিন বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি আরমানকে আগে কখনো দেখেননি এবং তাকে চেনেনও না। কে বা কারা তাকে মারধর করেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনও অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এটা একটি মিথ্যা অভিযোগ। এখানে আরমান নামে যে ছেলেকে মারধরের কথা বলা হয়েছে, তাকে মারধর করার কোনো কারণ নেই। রুহুল আমিন এই মামলার কিছু না। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’
কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:৫৭