ডেস্ক নিউজ : চলতি সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৮৭ কোটি ৭০ লাখ ডলার। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৩ হাজার ৮৭ কোটি টাকার বেশি। রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ৩ দিনেই ১৩ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যেখানে গত বছরের সেপ্টেম্বরের ১৯ দিনে দেশে ১৮৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।
সবমিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৭০ কোটি ২০ লাখ ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। যেখানে গত অর্থবছরের একই সময়ে দেশে ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই হিসাবে বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশ।
এদিকে চলতি সেপ্টেম্বরের ১৯ দিনেও ৯টি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিট্যান্স পাঠায়নি প্রবাসীরা। এই ব্যাংকগুলো হলো- রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি।
কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:৩৭