ডেস্ক নিউজ : জাতীয় সংসদের সংসদীয় কমিটিতে প্রতিমন্ত্রী ও হুইপদের রাখা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার চিফ হুইপ নুরুল ইসলাম মনি পাঁচটি সংসদীয় কমিটি গঠন ও দুটি পুনর্গঠন করেন। এরপর তাকে উদ্দেশ করে বিষয়টি নিয়ে ভবিষ্যতে সতর্ক থাকতে অনুরোধ করেন স্পিকার।
পাঁচ কমিটি গঠন : এদিন ওই পাঁচটি সংসদীয় কমিটি গঠন ছাড়াও পানিসম্পদ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ কমিটির নাম প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে পাশ হয়। এই পাঁচ কমিটির সভাপতি পদে বিরোধী দল থেকে কাউকে রাখা হয়নি। জাতীয় সংসদের ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক।
ইতোমধ্যে ৪৫টি কমিটি গঠন করা হয়েছে। যার মধ্যে ৩৬টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এদিন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-৪ আসনের সংসদ-সদস্য মো. শাহজাহানকে। তিনি বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটিরও সভাপতি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে এ কে এম ফজলুল হক মিলনকে। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগার লবি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে এসএম রফিকুল ইসলামকে।
কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:২৮