সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর: শামা ওবায়েদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম বন্দরে একটি ‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর সরকার। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

সিঙ্গাপুর সফর শেষে ঢাকায় ফিরে শামা ওবায়েদ বলেন, দেশটিতে আরও বেশি দক্ষ জনশক্তি রপ্তানি, বাণিজ্য ঘাটতি কমানো এবং বড় প্রকল্পে বিনিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি জানান, সিঙ্গাপুরে বর্তমানে প্রায় দেড় থেকে দুই লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। আগামীতে দেশটিতে আরও বেশি দক্ষ বাংলাদেশি জনশক্তি রপ্তানির বিষয়ে সিঙ্গাপুরের শ্রমমন্ত্রীর সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।

এ ছাড়া সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে বাংলাদেশ থেকে কীভাবে রপ্তানি বাড়ানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, দীর্ঘদিনের শক্তিশালী সম্পর্কের ধারাবাহিকতায় সিঙ্গাপুর সরকার চট্টগ্রাম বন্দরে একটি ‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

পাশাপাশি সিঙ্গাপুরে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনকারী একটি আধুনিক প্রকল্পও পরিদর্শন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সম্প্রতি জাপানের জ্যেষ্ঠ উপমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশের একটি ‘ফরেন অফিস কনসালটেশন’ সম্পন্ন হয়েছে।

জাপান বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী রাষ্ট্র উল্লেখ করে তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এবং মাতারবাড়ী প্রকল্পসহ বেশ কয়েকটি বড় মেগা প্রজেক্টে জাপানের সম্পৃক্ততা রয়েছে।

শামা ওবায়েদ সাংবাদিকদের জানান, জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একইভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও জাপানের প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit