বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

দুর্বৃত্তের হামলায় উগান্ডার তারকা ফুটবলারের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : উগান্ডার জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও দেশটির ঐতিহ্যবাহী ক্লাব এসসি ভিলার অধিনায়ক ডেভিড ওওরি আর নেই। রাজধানী কাম্পালায় দুর্বৃত্তদের হামলার শিকার হওয়ার দুই দিন পর ২৮ বছর বয়সী এই ফুটবলার মারা গেছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কাম্পালার একটি উপশহরে অজ্ঞাত হামলাকারীদের আক্রমণে গুরুতর আহত হন ওওরি। পথচারীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অন্য হাসপাতালে স্থানান্তর করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওওরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উগান্ডা ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ডেভিড ওওরি শুধু একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন একজন নেতৃত্বগুণসম্পন্ন অধিনায়ক এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক। এসসি ভিলা ও জাতীয় দল উভয় ক্ষেত্রেই তিনি সাহস, বিনয় ও নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন।

ওওরির মৃত্যু এমন এক সময়ে হলো, যখন কয়েক সপ্তাহ আগেই কাম্পালায় হামলায় প্রাণ হারিয়েছিলেন উগান্ডার রাগবি জাতীয় দলের খেলোয়াড় সিডনি গঙ্গোদিও। পুলিশ জানিয়েছিল, চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মারা যান তিনি।

সাম্প্রতিক সময়ে দেশটির ক্রীড়াঙ্গনে একের পর এক সহিংস ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছে উগান্ডার জাতীয় ক্রীড়া পরিষদ। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, খেলোয়াড়দের এ ধরনের মর্মান্তিক মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত বিচার এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে।

এদিকে, উগান্ডার ডেপুটি স্পিকার থমাস তাইয়েবাও দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ডেভিড ওওরির নেতৃত্বেই গত মৌসুমে ২০ বছরের শিরোপাখরা কাটিয়ে উগান্ডা প্রিমিয়ার লিগের শিরোপা জেতে এসসি ভিলা। ক্লাবটির ইতিহাসে এটি ছিল রেকর্ড ১৭তম লিগ শিরোপা।

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২৬,/রাত ১১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit