আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটন ও তেহরানের চলমান সংঘাতের মধ্যে ইরানকে কোনো অস্ত্র সরবরাহ করবে না চীন ও রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ব্যক্তিগতভাবে এই বিষয়ে নিশ্চিত করেছেন।
ট্রাম্প জানিয়েছেন, তিনি এই দুই বিশ্বনেতার প্রতিশ্রুতির ওপর পূর্ণ আস্থা রাখছেন। তবে ইরানকে যেকোনো ধরনের সামরিক সহায়তা দিলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলে বেইজিং ও মস্কোকে সতর্কও করে দিয়েছেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, বেইজিংয়ে সাম্প্রতিক এক বৈঠকে শি জিনপিং তাকে স্পষ্ট জানিয়েছেন, কোনো পরিস্থিতিতেই তারা বা তাদের কোনো কোম্পানি ইরানকে অস্ত্র দেবে না। ট্রাম্প বলেন, ‘আমাদের সম্পর্কের কথা বিবেচনা করে আমি তার কথায় আস্থা রাখছি; তাছাড়া আমি তাদের অনেক বড় উপকারও করছি।’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানান, ইউক্রেনে ভয়াবহ যুদ্ধ চলা সত্ত্বেও পুতিন তাকে বলেছেন যে, রাশিয়া ইরানকে অস্ত্র বিক্রি করবে না। পুতিন বোঝেন যে, যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনকে নয়, বরং ন্যাটো দেশগুলোকে অস্ত্র সরবরাহ করে।
ট্রাম্প বিশ্বাস করেন, চীন ও রাশিয়া বর্তমানে ইরানকে সামরিক সহায়তা দেওয়া থেকে বিরত রয়েছে। তার মতে, কোনো নেতাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করতে চান না। তবে এই প্রতিশ্রুতি ভঙ্গ করে ইরানকে সামরিক সহায়তা দিলে তা দেশ দুটির জন্য ‘খুবই খারাপ’ হবে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, অস্ত্র দিলে এটা চীন-রাশিয়ার স্বার্থের অনুকূলে যাবে না।
কিউএনবি/অনিমা/২৫ জুলাই ২০২৬,/বিকাল ৫:৩৯