সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

১৪ মাস বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : প্রায় ১৪ মাস বিরতির পর আবারও দেশব্যাপী শুরু হচ্ছে শিশুস্বাস্থ্য সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কর্মসূচি- ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন। অন্ধত্ব প্রতিরোধ ও অপুষ্টি কমানোর লক্ষ্য নিয়ে আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এবার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৩৫ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, মোট ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২ কোটি ৫ লাখ ৭৬ হাজার ১৭৮ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

দেশের দুর্গম এলাকাগুলোর কথা বিবেচনায় রেখে ১২টি জেলার ৫৮টি উপজেলার ২৯০টি ইউনিয়নের ৭১৪টি ওয়ার্ডে মূল ক্যাম্পেইনের পর আরও চার দিন ‘চাইল্ড টু চাইল্ড সার্চিং’ কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে কোনো শিশুই বাদ না পড়ে। ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য সারা দেশে প্রায় ১ লাখ ২০ হাজার কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যা ইপিআই’র নিয়মিত টিকাদান কেন্দ্র। এর পাশাপাশি লঞ্চঘাট, ফেরিঘাট, রেলস্টেশন ও বাসস্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আরও ৫০০টি মোবাইল কেন্দ্র স্থাপন করা হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী জানান, প্রয়োজনীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে এবং কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি অভিভাবকদের নিজ নিজ এলাকার নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন।

এদিকে, রাজধানীর শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে ক্যাম্পেইন উদ্বোধন করা হবে এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে। শিশুদের সুস্থ বৃদ্ধি ও দৃষ্টিশক্তি রক্ষায় এ ক্যাম্পেইনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

তথ্য সূত্র- বাসস।

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৬,/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit