বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলেও লেবানন থেকে সেনা সরাতে রাজি নয় ইসরায়েল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি হলেও লেবানন থেকে সেনা সরাতে রাজি নয় ইসরায়েল। দেশটি স্পষ্ট করে জানিয়েছে, দক্ষিণ লেবানন, সিরিয়া এবং গাজায় দখল করা এলাকাগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী অবস্থান অব্যাহত রাখবে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, লেবাননের পরিস্থিতিকে কেন্দ্র করে ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালালে তেহরানের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে জবাব দেওয়া হবে।

বার্তাসংস্থা আনদোলু বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি হলেও দক্ষিণ লেবাননে দখল করে রাখা এলাকা থেকে ইসরায়েলি সেনাবাহিনী সরানো হবে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। 

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, দক্ষিণ লেবানন, সিরিয়া এবং গাজায় দখল করা এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনী তাদের অবস্থান অব্যাহত রাখবে।

কাটজ বলেন, বর্তমান বা ভবিষ্যতের যেকোনও চাপ সত্ত্বেও লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি মানবে না ইসরায়েল। তিনি আরও দাবি করেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো স্থানীয় বাসিন্দামুক্ত করা হবে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর ভাষ্য, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছেও স্পষ্ট করেছেন। কাটজ বলেন, আমি একই বার্তা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকেও স্পষ্টভাবে জানিয়েছি।

কাটজ সতর্ক করে বলেন, লেবাননের পরিস্থিতিকে কেন্দ্র করে ইরান যদি ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায়, তাহলে তেহরানের ওপর ‘সর্বশক্তি দিয়ে’ আঘাত হানা হবে।

এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, ট্রাম্পের চুক্তি তেল আবিবকে কোনও কাজ করতে বাধ্য করতে পারে না।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ঘোষণা দেন যে, ইরানের সঙ্গে একটি শান্তিচুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির আওতায় সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, লেবাননের সংঘাতের অবসান, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তবে এই ঘোষণার পরও সোমবার দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

লেবাননের কর্মকর্তাদের তথ্যানুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ৩ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ১১ হাজার ৫০০ জন আহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ১৫ লাখেরও বেশি মানুষ। সূত্র: আনাদোলু এজেন্সি

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২৬/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit