বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

গুলিতে বিধ্বস্ত পাকিস্তানের সামরিক হেলিকপ্টার

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩৫ Time View

ডেস্কনিউজঃ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে দেশটির সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা দেশটির নিরাপত্তা বাহিনীর ২১ জন সদস্য নিহত হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট ও নিউজ ১৮ এর প্রতিবেদনে দাবি করা হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) হেলিকপ্টার বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছে। তবে তারা এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার উড্ডয়নের সময় কারিগরি ত্রুটির কারণে মুজাফফরাবাদের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এরপর ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকর্মীরা পৌঁছান। হেলিকপ্টারে থাকা সকল আরোহী শহীদ হয়েছেন বলে জানায় আইএসপিআর। তবে হেলিকপ্টারটি ঠিক কতজন আরোহী ছিলেন- তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি আইএসপিআর।

হেলিকপ্টার বিধ্বস্তের কারণ সম্পর্কে আইএসপিআর কারিগরি ত্রুটির কথা উল্লেখ করলেও এ নিয়ে বিভিন্ন জল্পনা চাউর হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছে, গুলিবর্ষণে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে কাশ্মীরে নজিরবিহীন অস্থিরতা বিরাজ করছে। সম্প্রতি অঞ্চলটিতে পাক নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত ৩০ জন নিহত এবং অন্তত ২০০ জন আহতের খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, অঞ্চলটির প্রভাবশালী নাগরিক জোট জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (জেএএসি)-কে নিষিদ্ধ করার পর পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। পরবর্তীতে ৩০ জন নিহতের ঘটনার পর সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরপরেই সেখানে পাক বাহিনীর সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের খবর এলো।

প্রাথমিক তথ্যের বরাতে ফার্স্টপোস্ট জানিয়েছে, অঞ্চলটিতে অতিরিক্ত সেনা মোতায়েনের জন্য বুধবার হেলিকপ্টারটিতে করে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এ ছাড়া পৃথক বিবৃতিতে পাক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পাশাপাশি আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) ও সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং সেনাবাহিনীর সকল পদমর্যাদার সদস্য এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

কিউএনবি/বিপুল/১০.০৬.২০২৬/রাত ১০.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit