ডেস্কনিউজঃ একটি চুক্তিতে পৌঁছাতে অনেক বেশি সময় নিয়েছে ইরান, মূল্য চোকাতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে তেহরান জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করবে ইরান।
বুধবার (১০ জুন) পাল্টাপাল্টি হামলার পর পাল্টাপাল্টি বিবৃতিও দিল দেশ দুটি।
এর আগে হরমুজ প্রণালির কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তে ইরানকে দায়ী করেছিলেন ট্রাম্প। তার প্রেক্ষিতেই হরমুজ সংলগ্ন ইরানের ঘাঁটিগুলোকে নিশানা করে হামলা চালিয়েছিল আমেরিকা। তার জবাবে পশ্চিম এশিয়ার বাহরাইন, কুয়েতের মার্কিন ঘাঁটিতেও হামলা চালায় ইরান। এই হামলা-পাল্টা হামলার মধ্যেই হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, আমেরিকার সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কের পুনর্মূল্যায়ন প্রয়োজন। তবে যে কোনো সমঝোতার জন্যেই স্থিতিশীল পরিস্থিতি দরকার হয়। যুদ্ধবিরতি বারবার লঙ্ঘিত হলে আমেরিকার সঙ্গে কূটনৈতিক সমঝোতার প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। রাত থেকে যা হয়েছে, আমাদের পুনর্মূল্যায়ন করতে হবে।
যে কোনো কূটনৈতিক প্রক্রিয়ার জন্যই ন্যূনতম স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। বারবার পরস্পরবিরোধী মন্তব্য করে কূটনীতিকে খাটো করেছে আমেরিকা। লেবাননে আগ্রাসনের মাধ্যমে ইসরায়েলও এই প্রক্রিয়াকে প্রভাবিত করছে বলে মনে করেন তিনি।
কিউএনবি/বিপুল/১০.০৬.২০২৬/রাত ১০.১৭