শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় সাংবাদিকদের সঙ্গে লড়াইয়ে কোহলিরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ২৬ ডিসেম্বর বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। তার আগে আজ (রোববার) দুপুরে মেলবোর্নের জাংশন ওভালে দুই দেশের সংবাদকর্মীদের নিয়ে একটি টি–টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু পূর্বনির্ধারিত সেই ম্যাচটি খেলতে রাজি নয় ভারত।

কারণ তার আগেই মুখোমুখি অবস্থানে ভারত ও অস্ট্রেলিয়া। এখন শুধু দুপক্ষেরই ক্রিকেটাররা নয়, ভারতীয় দল লড়ছে স্বাগতিক গণমাধ্যমের সঙ্গেও। গতকাল শনিবার জবাব তো দূরের কথা, অজি সাংবাদিকদের কোনো প্রশ্নই নেননি সফরকারী অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, যা নিয়ে অজি গণমাধ্যমের হতাশা প্রকাশের মাঝেই এবার ভারত সাংবাদিকদের নিয়ে আয়োজিত ‘প্রেস ম্যাচ’ বয়কট করেছে। এ তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’। 

সব মিলিয়ে দুই দেশের রোমাঞ্চকর ও সৌহার্দপূর্ণ লড়াই ক্রমেই তিক্ততার দিকে গড়াচ্ছে। যার শুরুটা হয় ভারতীয় দল মেলবোর্নে পৌঁছাতেই বিমানবন্দরে অস্ট্রেলিয়ার এক নারী সাংবাদিকের সঙ্গে বিরাট কোহলি তর্কে জড়ানোর ঘটনায়।

স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ তার প্রতিবেদনে জানিয়েছে— মেলবোর্ন বিমানবন্দরে নেমেই এক নারী সাংবাদিকের দিকে তেড়ে যান বিরাট কোহলি। তার ধারণা– ওই সাংবাদিক কোহলির সঙ্গে থাকা স্ত্রী আনুশকা শর্মা ও দুই সন্তান ভামিকা-অকায়ের ফুটেজ নিচ্ছিলেন, যা দেখে ক্ষুব্ধ কোহলি চ্যানেল নাইনের সাংবাদিককে শাসান এবং ছবি না তুলতে অনুরোধ করেন।

কোহলিকে অবশ্য পাল্টা জবাব দিয়ে সেই সাংবাদিক বলেন, বিমানবন্দর একটি পাবলিক প্লেস। তাই ছবি তুলতে গেলে অনুমতির প্রয়োজন নেই। অন্যদিকে গতকাল রবীন্দ্র জাদেজার মন্তব্য নিতে চাইলে বাধাগ্রস্ত হন অজি সাংবাদিকরা। এমনকি ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়, যাতে এই তারকা অলরাউন্ডারকে কোনো প্রশ্ন করা না হয়। বিপরীতে জাদেজা স্বদেশি গণমাধ্যমের কাছে হিন্দিতে মন্তব্য করেছেন। ওই সময় অজি সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলেও তাদের ‘সময় নেই’ বলে জানিয়ে দেন ভারতীয় টিম ম্যানেজার মোলিন পারিখ। 

একপর্যায়ে নাকি তাদের উদ্দেশ্যে ‘দয়া করে ক্যামেরা নামান’ বলেও তিনি মন্তব্য করেন। সংবাদকর্মীদের ‘একটি ইংরেজি প্রশ্ন করতে পারি?’ এমন প্রশ্নেও হাত নেড়ে ‘না’ উত্তর দেন জাদেজা। রবীন্দ্র জাদেজার এ ঘটনার বর্ণনা দিয়ে অজি গণমাধ্যম বলছে, পুরো মৌসুমেই ভারতের সংবাদ সম্মেলন শুরু হয়েছে ইংরেজি প্রশ্ন দিয়ে এবং তাতে উত্তরও দিয়েছেন দেশটির ক্রিকেটাররা। শেষ দিকে তারা হিন্দিতে প্রশ্ন নেন। আবার ভারতীয় সাংবাদিকরা সংবাদ সম্মেলন শুরু করেন ইংরেজি প্রশ্ন দিয়ে। 

কিন্তু গতকাল ৩০ মিনিট দেরিতে গণমাধ্যমের মুখোমুখি হন জাদেজা। এরপর কেবল হিন্দি ভাষায় তিনি ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। ৯ মিনিটেই শেষ হয়ে যায় তার কনফারেন্স। দ্রুততম সময়ে তাকে বাসে তুলে নেন ভারতীয় টিম ম্যানেজার মোলিন পারিখ।

উল্লেখ্য, পার্থ টেস্টে জয় দিয়ে পাঁচ ম্যাচের এই রোমাঞ্চকর সিরিজ শুরু করেছে ভারত। এর পর স্বাগতিক অস্ট্রেলিয়া অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট জিতে বড় ব্যবধানে। তৃতীয় টেস্টে ব্রিসবেনেও হারের পথেই ছিল রোহিত শর্মার দল। তবে প্রায় দুদিনেরও বেশি সময় বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সেই ম্যাচটি ড্র নিয়ে হতাশায় পোড়ায় স্বাগতিক প্যাট কামিন্সের দলকে। ফলে ১-১ সমতায় রয়েছে বোর্ডার-গাভাস্কার সিরিজ। চতুর্থ টেস্টে আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বক্সিং ডে–তে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit